
আইপিএল প্লে-অফে অনিশ্চিত কেদার, কোহলির বিশ্বকাপ ভাবনাতেও চিন্তার ভাঁজ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আইপিএল যখন বিসনেস এন্ডে, তখন কাঁধে চোট পেয়ে কার্যত প্লে-অফের বাইরে চেন্নাইয়ের দামি ক্রিকেটার কেদার যাদব৷
রবিবার মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাউন্ডারির ধারে ওভার থ্রো বাঁচাতে গিয়ে বিপদজ্জনকভাবে ডিগবাজি খেয়ে মাটিতে আছড়ে পড়েন কেদার৷ এরপরই বাঁ কাঁধে হাত চেপে মাঠ ছেড়েছিলেন ভারতের অন্যতম ইউলিটি এই ক্রিকটার৷ ইনিংসের ১৪ তম ওভারে মাঠ ছা়ড়ার পর আর ফিল্ডিংয়ে ফেরেননি কেদার৷
সোমবার কেদারের কাঁধের এক্স-রে করার কথা রয়েছে৷ এরপরই কেদারের চোট নিয়ে বিবৃতি দেবে ফ্র্যাঞ্চাইজি৷ পোস্ট ম্যাচ কনফারেন্সে সিএসকে’র পক্ষ থেকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘কেদারের কাঁধের চোটের প্রকৃতি দেখে অন্তত মনে করা হচ্ছে ওর সাময়িক বিশ্রাম প্রয়োজন৷ আশা করি চোট গুরুতর নয়৷’
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও চোটের পর ফিজিওকে নিয়ে মাঠ ছাড়ার ছবি দেখে মনে করা হচ্ছে আইপিএলের বিসনেস এন্ড অর্থাৎ প্লে-অফ পর্বে অনিশ্চিত কেদার৷
সেই সঙ্গে বিশ্বকাপের আগে তাঁর চোট মেন ইন ব্লু’র কাপ্তান কোহলির কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিল বলা চলে৷ ভারতীয় দলে ছয় নম্বরে যোগ্য ব্যাটসম্যান কেদার যাদব, সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে দলের হয়ে পার্ট টাইম স্পিনার হিসেবেও সফল কেদার৷
বিশ্বকাপ শুরুর এক মাসও আর বাকি নেই৷ এর মাঝে ইংল্যান্ডের বিমান ধরার আগে কেদারের চোট, দলের সেরা কম্বিনেশনে ধাক্কা দিল বলা চলে৷



