বিনোদন

সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শেষকৃত্য সম্পন্ন হলো দেশবরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর। বুধবার সন্ধা ৭টায় সবুজবাগে শ্রী-শ্রী বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এরআগে বরেণ্য এই সংগীতশিল্পীর মরদেহ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে এফডিসিতে সুবীর নন্দীর মরদেহ আনা হয় বেলা ১টায়। সেখানে জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে সুবীর নন্দীকে শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্রের সবগুলো সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন অঙ্গনের শিল্পীরা।

এসময় উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, ওমর সানী, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহ আলম কিরণ, এস এ হক অলিক, নায়ক জায়েদ খান, নায়িকা অরুণা বিশ্বাস, সনি রহমান, জেসমিন প্রমুখ।

এফডিসি থেকে সুবীর নন্দীর মরদেহ চ্যানেল আইয়ের কার্যালয়ে নেওয়া হয়। এরপর নেওয়া হয় রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সুবীর নন্দী গত মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। গত ৩০ এপ্রিল থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মরদেহ ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে তার মরদেহ রাজধানীর গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টের বাসায় নেয়া হয়।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension