খেলা

লারার মতে রাহুলই ভারতীয় দলের ‘সেকেন্ড বেস্ট’

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ইউটিলিটি ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে তাঁর অপরিহার্যতা ধীরে-ধীরে প্রমাণ করছেন কেএল রাহুল। ব্যাটিং অর্ডার বদলে পাক ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেনে নেমেই বাজিমাত। গত রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে রোহিত শর্মা-কেএল রাহুলের ১৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এযাবৎ সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ।

শুধু পার্টনারশিপই নয়, ব্যাট হাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে রাহুলের ৭৮ বলে ৫৭ রানের ইনিংসে মুগ্ধ ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা। কেএল রাহুলের ভূয়সী প্রশংসা করে ত্রিনিদাদের রাজপুত্র জানালেন, বিরাট কোহলির পর কেএল রাহুলই ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান। লারার মতে আইপিএলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অনেক কার্যকরী ইনিংস উপহার দিয়েছে রাহুল। তাই বিশ্বকাপের মঞ্চেও নতুন বল ফেস করা রাহুলের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। কারণ হিসেবে কিংবদন্তি জানিয়েছেন, নতুন বল ফেস করার সঠিক টেকনিক রাহুলের কাছে রয়েছে।

আহত শিখর ধাওয়ানের পরিবর্ত হিসেবে প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন এই কর্ণাটকী। আগামীদিনেও রাহুল এই সুযোগের সদ্ব্যবহার করবে বলে মত ত্রিনিদাদের রাজপুত্রের। বিশ্বকাপ সম্প্রচারকারী টেলিভিশন সংস্থার বিশেষজ্ঞ হিসেবে বছর পঞ্চাশের কিংবদন্তি জানিয়েছেন, ‘শিখর ধাওয়ান ছিটকে যাওয়ার পর যে সুযোগ রাহুল পেয়েছে, আগামিদিনে তার পূর্ণ সদ্ব্যবহার করবে সে। বিশেষ করে রাহুলের যা ব্যটিং টেকনিক, তাতে নতুন বলে ওর সমস্যা হওয়ার কথা নয়।’

চলতি বিশ্বকাপে আপাতত তিন ম্যাচে রাহুলের নামের পাশে ৯৭ রান। তবে পাকিস্তান ম্যাচের মত আগামী ম্যাচগুলোতে রাহুলের ব্যাট থেকে স্পেশাল কিছু ইনিংস দেখার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটে ২২,৩৫৮ রানের মালিক। এপ্রসঙ্গে বলতে গিয়ে শেষবেলায় প্রাক্তন কিংবদন্তি জানান, ‘ওর থেকে আরও স্পেশাল কিছু দেখতে মুখিয়ে রয়েছি আমি। বিশ্বকাপে সেরা রান স্কোরারদের উপরের সারিতে থাকবে রাহুল।’

শনিবাসরীয় রোজ বোলে লিগ টেবিলে সবার নিচে থাকা আফগানিস্তানের মুখোমুখি এখনও অবধি টুর্নামেন্টে অপরাজিত টিম ইন্ডিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension