
ভাল আছেন, তবে এখনই ছাড়া পাচ্ছেন না বুদ্ধদেব ভট্টাচার্য
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আগের থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ রবিবার সকালে টিফিনের পর দুপুরেও খাবার খেয়েছেন তিনি৷ তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।করা হয়েছে সিটিস্ক্যান৷ তবে এখনই তাকে ছাড়া হচ্ছে না বলে জানাল হাসপাতাল৷
রবিবার মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল৷ তিনি এখন খাবারও খেতে পারছেন৷ সকালে খেয়েছেন আইসক্রিম, পেঁপে ও চা৷ এদিন সকালে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের যে বৈঠক বসেছিল, সেখানে হাজির ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা৷ সিটিস্ক্যান করা হবে কি হবে না, তা নিয়ে প্রথমে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না চিকিৎসকরা৷ অবশেষে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিটিস্ক্যান করা হয়েছে৷ এবার তার রিপোর্ট খতিয়ে দেখছেন মেডিক্যাল টিম৷
যদিও এর আগে বুদ্ধবাবুর বুকের এক্স রে ও অন্যান্য কিছু পরীক্ষা করা হয়েছে৷ তিন ইউনিট রক্ত দেওয়া হয়েছে৷ তাতে দেখা গিয়েছে রক্তে হিমোগ্লোবিনের পরিমান বেড়ে দাঁড়িয়েছে প্রতি ডেসিলিটারে ১০ গ্রাম। নিউমোনিয়া খানিকটা কমেছে৷ এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ এছাড়া গতকাল রাতে টানা ৬ ঘণ্টা বাইপ্যাপও নিতে পেরেছেন বুদ্ধবাবু।
গত তিনদিন ধরে দক্ষিন কলকাতার একটি বেসরকারী হাসপাতালের আইসিসিউ-এর ৫১৬ নম্বর বেডে ভর্তি রয়েছেল বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে আগের থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও এখনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না৷



