
দিনমজুর বাবার স্বপ্নপূরণ করতে ভারতীয় সেনায় যোগ দিতে চায় চঞ্চল
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কথায় বলে প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে থাকে একজন নারীর অবদান। ঠিক একইভাবে প্রত্যেক সফল কন্যার পিছনে তাঁর বাবার অবদানও কোন অংশে কম নয়। আর এটাকেই যেন সত্যি করে তুলছে লখনউয়ের দিনমজুর বাবার বছর ১৭ বছরের কন্যা। শুক্রবার লখনউতে মিলিটারি নিয়োগের পরীক্ষাতে দ্বিতীয় ধাপে পৌঁছে গিয়েছে চঞ্চল।
চঞ্চল জানিয়েছে, কি ভাবে তাঁর বাবা তাকে সফল করে তুলতে নিজের জানপ্রান দিয়ে লড়াই করছে। চঞ্চল আরও বলে, তাঁর বাবা অনেকটা আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মত। তাঁর দিনমজুর বাবা কখনই মেয়েদেরকে ছেলেদের থেকে কোনও অংশে কম কিছু মনে করেন না। লখনউয়ের এই ১৭ বছরের সাহসী কিশোরী ইতিমধ্যে লখনউয়ের পঁচিশটি জেলার চারশো আটচল্লিশ জন আবেদনকারীর মধ্যে মিলিটারিতে নিয়োগের পরীক্ষাতে দ্বিতীয় ধাপে পৌঁছে গিয়েছে।
তাঁর স্বপ্ন নিয়ে কথা বলার সময় চঞ্চল বলে, সালটা ২০০৮, তখন থেকেই আমার বাবা উপলদ্ধি করতে পারেন যে তাঁর মেয়ে একজন সাহসী কন্যা। কারণ হিসাবে সে বলে, “যখন আমার বয়স ১০ ছিল তখন একদিন গ্রামে ছেলেরা মেয়েদের নিয়ে ইয়ার্কি মারছিল। তখন আমি তাঁদের সঙ্গে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা করার চ্যালেঞ্জ করি এবং ওই দৌড় প্রতিযোগিতাতে আমিই জিতেছিলাম।”
সেইদিন থেকেই তাঁর বাবা মেয়েকে একজন সফল স্প্রিনটার বানানোর সিদ্ধান্ত নেন। চঞ্চল আরও বলে যে বাবা যখন জানতে পারে মিলিটারিতে ১০০ জন মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হবে তখনই তাঁর বাবা তাকে সেখানে নিয়ে যায় ট্রেনিংয়ের জন্য। তিনি আরও বলেন, ‘দেশের কাজ করার থেকে ভালো কাজ আর কিবা হতে পারে।”
শুধু এই চঞ্চলই নয়, বাবার চেষ্টায় সেনাবাহিনির ক্যাম্প পর্যন্ত পৌঁছে গিয়েছে আলীগড়ের শিবানী যাদবও। তাঁর বাবা চেষ্টা করেও সেনাবাহিনীতে যোগদান করতে পারেননি। তাই তাঁর ইচ্ছা মেয়েকে সফল ভাবে সেনাবাহিনীতে পৌঁছে দেওয়া। শিবানী বলে সে প্রতিদিন ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে দৌড় প্র্যাকটিস করে শরীর চর্চা করে। এমনকি সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তাঁর বাবা তাঁর পা টিপে দেয়।



