
নিউইয়র্কে এবিবিএ’র বিজনেস সামিটে ড. মোমেন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না
যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, প্রায় ৩৫ বছর আগে যখন দেশে ছিলাম তখন বাংলাদেশ ছিল তলাবিহীন ঝুড়ি। আবার যখন দেশে ফিরে গেলাম তখন পেলাম সমৃদ্ধির বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভাল অবস্থানে রয়েছে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস এলায়েন্সের (এবিবিএ) ১১তম বার্ষিক বিজনেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বন, পরিবেশ, জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাবউদ্দন বলেন, চাকরি জীবনে সফলতার চেয়ে ব্যবসায়ে সফলতা পাওয়া যায়। বাংলাদেশে ব্যবসায়ে লাভ বেশী। তিনি বলেন, এখন বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময়। তাই দেশে বিনিয়োগ করুন, আমেরিকায় সুখে-শান্তিতে বসবাস করুন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা উল্লেখ করে বলেন, বিদেশি দূতাবাসগুলোও সার্বক্ষণিক সেবায় নিয়োজিত। আগের যে কোনো সময়ের চেয়ে এখন প্রবাসীদের বিনিয়োগের সবচেয়ে অনুকুল পরিবেশ বিরাজমান। প্রবাসী বিনিয়োগবান্ধব সরকারের এ সুযোগ গ্রহণ করার উৎকৃষ্ট সময়ও এখন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে বিনিযোগের বিপুল প্রয়োজন এবং সুযোগ রয়েছে। বিনিয়োগ বান্ধব নীতিমালা করা হয়েছে। বিনিয়োগে আকর্ষণীয় প্রণোদনা এবং সর্বোচ্চ মুনাফা লাভেরও সুযোগ রয়েছে।
ড. মোমেন দেশের সার্বিক উন্নয়নে রোহিঙ্গা সমস্যা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে পড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবিষয়ে প্রবাসীরা রোহিঙ্গা কনসার্ট আয়োজন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখতে পারেন।

বিজনেস সামিটে কিনোট স্পিকার বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবীর বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ (এফডিআই) কে আইন দ্বারা সুরক্ষা প্রদান করা হয়েছে। বিনা বাধায় লাভ এবং আসলসহ পুঁজি প্রত্যাবাসন সুবিধা রয়েছে। নতুন শিল্প কারখানা এবং সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীরা যার যার সুবিধাজনক অঞ্চলে সহজে সেখানে বিনিয়োগ করতে পারেন।
এবিবিএ’র ১১তম বার্ষিক বিজনেস সামিটের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে বাণিজ্যিকভাবে ব্রান্ডিং করা, যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবসায়িক সেতুবন্ধন বৃদ্ধি এবং বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীদের বিনিয়োগ আদান-প্রদানের জন্য নিরলসভাবে কাজ করছে এবিবিএ।

এবিবিএ’র ১১তম বিজনেস সামিটের আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং জয়েন্ট মেম্বার সেক্রেটারি এএফ মিসবাহউজ্জামান ও টিভি উপস্থাপিকা শামসুন নাহার নিম্মির সঞ্চালনায় সামিটে আরো বক্তব্য দেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন সেকিল চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন. মজুমদার, ব্যবসায়ী নেতা জাকারিয়া মাসুদ জিকো, আইন পরামর্শক নাসরিন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও কংগ্রেসওম্যান প্রার্থী বদরুন নাহার খান মিতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র সফররত এফবিসিআই সিনিয়ার সহ-সভাপতি মো. মুন্তাকিম আশরাফ, এবিবিএ’র উপদেষ্টা নাসির আলী খান পল, রেজাউল করীম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শামীম আহমে প্রমুখ।
https://www.facebook.com/BanglaChannelNY/videos/1638508692948944/?eid=ARCrhkt6Z0SZLVY0Xvs9qLuFoSTkm7JJQ6Yh2hts38_ciXBJW9tSs47SF6rwj4DV7yFzgZdDBueZOZF3
সামিটের স্বাগত বক্তব্য দেন এবিবিএ’র সাধারণ সম্পাদক সিপিএ ইয়াকুব এ খান, এবিবিএ’র ফাউন্ডার ও ১১তম বার্ষিক বিজনেস সম্মেলনের কো-কনভেনর বিলাল চৌধুরী, মেম্বার সেক্রেটারি মোস্তফা কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন এবিবিএ’র সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম।
বিজনেস সামিটের মূল পর্ব শুরু হওয়ার আগে এবিবিএ’র আয়োজনে ‘বিজনেস মাইন্ড সেট’ শীর্ষক বিজনেস ডেভোলেপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনলাইন শপিং প্রতিষ্ঠান শপ অ্যান্ড হল-এর লাঞ্চিং করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রতিষ্ঠানটির সিইও একে কাদের শিশিরসহ অন্যদের নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিপুল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
–



