
ফের মমতার বক্তব্য নিয়ে সরব রাজ্যপাল
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কলেজ শিক্ষকদের নিয়ে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে ফের সরব হলেন রাজ্যপাল৷ এর আগেও বেশ কয়েকবার মমতা সরকারের সংঘাত হয়েছে৷ কিন্ত মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় রাজ্যপাল হাজির হয়ে তার ইতি টেনেছিলেন৷ এমনটাই রাজনৈতিক মহল মনে করেছিলেন৷ এবার ফের সংঘাত৷
গতকাল নেতাজি ইন্ডোরে অধ্যাপকদের সভায় মমতা বলেছিলেন, নিশ্চিন্তে কাজ করুন৷ কিছু হলে আমায় বলবেন৷ কে কী ডেকে বলল, চিন্তা করার কিছু নেই৷ মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে আজ বুধবার টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেখানে তিঁনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিহিত অর্থ বোঝার চেষ্টা করছি। সংবিধান মেনেই আমি রাজ্যপাল ও আচার্য হিসেবে দায়িত্ব পালন করছি৷
মাত্র কয়েকমাস হল রাজ্যপাল হয়ে বাংলায় এসেছেন জগদীপ ধনকড়৷ কিন্তু তারপর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বারেবারে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ দূরত্ব বেড়েছে শাসক দল তৃণমূলের সঙ্গেও৷ শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক হোক বা পুজোর কার্নিভালে বিতর্ক, সব মিলিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের বিতর্কে বারেবারে সরগরম হয়েছে বাংলার রাজনীতি৷
যাদবপুর-কাণ্ডের পরেই রাজ্যপালের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। খোদ রাজভবন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি যায় যে, রাজ্যপাল নিরাপত্তার অভাব বোধ করছেন। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্যপালের নিরাপত্তা বাড়ানোর হয়৷
সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গে আসার পর রাজ্য সরকারের তরফে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল৷ তারপর হঠাৎ করে সিআরপিএফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত বাধে৷



