
বামেদের পর এবার মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস, সাংসদের প্রতি হুইপ জারি
রূপসী বাংলা ডেস্ক:নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে কংগ্রেস তার সব লোকসভা সাংসদের প্রতি হুইপ জারি করল। তাঁদের সকলকে আজ সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছে তারা। এর আগে টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস ও সিপিএম মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে লোকসভায় নোটিশ দিয়েছে।
জানা গিয়েছে, লোকসভায় আজ এই অনাস্থা পেশ করবেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। সংসদের কাজকর্ম হতে না পারায় এর আগে আনা অনাস্থা প্রস্তাবগুলি নিয়ে আলোচনাই হতে পারেনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী অভিযোগ করেছেন, সরকার ভয় পেয়েছে, তাই গত ১০ দিন ধরে ইচ্ছে করে অবিশ্বাস প্রস্তাবের ওপর কার্যক্রম হতে দেয়নি তারা।
এর মধ্যে ওয়াইএসআর কংগ্রেস ঠিক করেছে, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের স্বীকৃতি না দিয়েই যদি এবারের অধিবেশন শেষ হয়ে যায়, তবে তাদের সব সাংসদ সংসদ থেকে ইস্তফা দেবেন। ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপির বক্তব্য, ২০১৪-য় অন্ধ্র ভাগের সময় কেন্দ্র অবশিষ্ট অন্ধ্রকে বিশেষ রাজ্যের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি এখন তারা রাখছে না। এই অভিযোগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে টিডিপি। লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থাও আনে তারা। কিন্তু এডিএমকে সাংসদরা হল্লা করায় সেই প্রস্তাব পেশ হতে পারেনি।
বিভিন্ন দলের সাংসদদের নানা ইস্যুতে হট্টগোলের জেরে টানা ১৫ দিন অচল রয়েছে সংসদ। যদিও এরই মধ্যে সরকার পাশ করিয়ে নিয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল।



