আসামের মসজিদে তাবলিগ সদস্যরা ঢুকতে পারবেন না
আসামের অন্তত দুটি মসজিদ কমিটি নিষেধাজ্ঞা আরোপ করে জানিয়েছে, ওই দু মসজিদে তাবলিগ জামাতের সদস্যরা ঢুকতে পারবে না।
কামরূপ জেলার রাঙ্গিয়ার সাহান মসজিদ কমিটি শনিবার এক নোটিশ দিয়ে তাদের এ সিদ্ধান্ত জানিয়েছে।
নোটিশে বলা হয়েছে, দিল্লির ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া তাবলিগ জামাতের সদস্যরা মসজিদে ঢোকার চেষ্টা করবেন না। আপনাদের মসজিদে প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।
নোটিশে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আসামের নওগাঁর পুরনো গুদাম এলাকার এক মসজিদেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সামাজিক সংগঠন আঞ্জুমান-ই-ইসলামের সহসচিব জাকির হোসেন।
ভবিষ্যতে কেউ যদি তাবলিগ জামাতে যায়, তাদের ক্ষেত্রেও একইরকম ব্যবস্থা নেওয়া হবে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
লকডাউন চলার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়িতেই এবার তারাবি নামাজ পড়বেন আসামের মুসলিমরা।
বুরহা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নিজামুল হকসহ আসামের একাধিক মুসলিম নেতা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, ঘরে থেকেই নমাজ পড়ুন।
মসজিদ কমিটির সঙ্গে কথা বলে নলবাড়ি জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, রমজান মাসে বাড়িতে বাড়িতে ফুল ও মাছ পৌঁছে দেবে।◉



