
জাতীয় স্বাস্থ্যনীতি ও কেরালা মডেল
"কভিড-১৯ মোকাবিলা করতে গিয়ে একটি বিষয় আমাদের কাছে উলঙ্গ ও দৃশ্যমান হয়ে গেছে যে, আমরা লজ্জায় নীল, বেদনায় অধবোদিত। ১৬-১৮ কোটি মানুষের একটি দেশে স্বাস্থ্যসেবার মানদন্ড বলে কিছু নেই। না অবকাঠামো, না ওষুধপাতি, পর্যাপ্ত চিকিৎসক-সেবক, চিকিৎসা সেবকদের নিরাপত্তা, চিকিৎসার উপকরণ।"
আমরা অনেক পাওয়া না-পাওয়ার এক ক্ষুদ্র দেশের নাগরিক। প্রভূত উন্নয়ন, তাবড় অবকাঠামো, ডিজিটালাইজেশন ইত্যাদি নাগরিকদের কম স্বাচ্ছন্দ্য দেয় নি। অন্যদিকে, না-পাওয়ার খতিয়ান খতিয়ে দেখতে গেলে তার সংখ্যা ও পরিমাণ বিস্তর, হয়ত এককথায় পাহাড়সম। সাম্প্রতিক দুর্যোগ তথা প্রাণঘাতী কভিড-১৯ মোকাবিলা করতে গিয়ে একটি বিষয় আমাদের কাছে উলঙ্গ ও দৃশ্যমান হয়ে গেছে যে, আমরা লজ্জায় নীল, বেদনায় অধবোদিত। ১৬-১৮ কোটি মানুষের একটি দেশে স্বাস্থ্যসেবার মানদন্ড বলে কিছু নেই। না অবকাঠামো, না ওষুধপাতি, পর্যাপ্ত চিকিৎসক-সেবক, চিকিৎসা সেবকদের নিরাপত্তা, চিকিৎসার উপকরণ। সম্প্রতি গণমাধ্যমে কর্মরত দুজন কর্মী আক্রান্ত হয়ে করোনার চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালে ভর্তি হতে গিয়ে প্রথমে প্রত্যাখ্যাত হন। পরে চেষ্টা-তদবির করে ভর্তি হওয়ার পর সপ্তাহখানেক হাসপাতালে অবস্থানের যে বিবরণ তারা বিবৃত করেছেন, তা অবর্ণনীয়। সেবা, ব্যবস্থাপনা, চিকিৎসকদের উপস্থিতি, নিরাপত্তা ইত্যাদি ব্যাপারে ঔদাসীন্য যে কাউক ব্যথাতুর করে তোলার জন্য যথেষ্ট। সর্বোপরি, আমাদের স্বাস্থ্যনীতি বলে একটি দলিল আমরা এতদিনেও প্রস্তুত করতে পারি নি। যার আলোকে স্বাস্থ্যসেবা চলমান থাকবে বা গতিশীল হবে।
সম্প্রতি গণমাধ্যমে কর্মরত দুজন কর্মী আক্রান্ত হয়ে করোনার চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালে ভর্তি হতে গিয়ে প্রথমে প্রত্যাখ্যাত হন। পরে চেষ্টা-তদবির করে ভর্তি হওয়ার পর সপ্তাহখানেক হাসপাতালে অবস্থানের যে বিবরণ তারা বিবৃত করেছেন, তা অবর্ণনীয়।”
হ্যাঁ, একবার এইচএম এরশাদের স্বৈরশাসনামলে (সম্ভবত ১৯৮৬ সালে) একটা অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছিল বৈকি। গণবিরোধী শাসকদের এক ধরনের প্রবণতা থাকে যে, গণমুখী কোনও প্রস্তাবের সন্ধান পেলে তড়িঘড়ি তা বাস্তবায়ন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। সবার সুপরিচিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এরশাদের এই প্রবণতা কাজে লাগিয়ে জাতীয় ওষুধনীতি ও জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি করে উপস্থাপন করেছিলেন। ওষুধনীতি সীমিত আকারে বাস্তবায়িত হলো এবং এর সুফলও আমরা অচিরে পেলাম। কিন্তু অতি প্রয়োজনীয়, অতুল্য স্বাস্থ্যনীতি প্রবল প্রতিবন্ধকতার মুখে পড়ে গেল। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃত্বে স্বার্থহানির আশঙ্কায় দেশের চিকিৎসক সমাজের বড় অংশই এর বিরুদ্ধে অবস্থান নেন। লাগাতার কর্মবিরতি, হরতাল, মিছিল, বন্ধ ঘোষণা ইত্যাদি কর্মসূচির মুখে পড়ে এটি আর আলোর মুখ দেখার সুযোগ পায় নি। তারপর থেকে অদ্যাবধি আমরা বেমালুম ভুলেই আছি যে, স্বাস্থ্য খাতের মতো জনগুরুত্বসম্পন্ন একটি ক্ষেত্রের নিয়মনীতি থাকা দরকার।
কভিড-১৯ আমাদের রাষ্ট্র ও জনগণকে অসহায়ভাবে স্মরণ করিয়ে দিল, দারিদ্র্যপীড়িত সম্বলহীন মানুষের এ দেশটির মানুষের জন্য স্বাস্থ্য ও চিকিৎসার নিয়মনীতি দরকার। আর করোনার মতো সর্বগ্রাসী প্রাণ সংহারী রোগ-শোকের জন্য বাস্তবতার নিরিখে একটা জাতীয় স্বাস্থ্যনীতি অনিবার্যভাবেই প্রয়োজন। এটা আর এখন কণ্ঠ উঁচিয়ে বলার অপেক্ষা রাখে না। চলমান করোনা সংকটের এই শিক্ষাটি অন্তত গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের অত্যাবশ্যকীয় দাবি।
গণবিরোধী শাসকদের এক ধরনের প্রবণতা থাকে যে, গণমুখী কোনও প্রস্তাবের সন্ধান পেলে তড়িঘড়ি তা বাস্তবায়ন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান।”
কেরালা মডেল: স্বাস্থ্যনীতি সম্পর্কে অল্প-বিস্তর আলোচনায় অনিবার্যভাবে প্রতিবেশী ভারতের সর্বদক্ষিণের ক্ষুদ্র রাজ্য কেরালার উদাহরণ উপস্থাপন করা যায়। ২৪ হাজার ১৪৮ মাইল আয়তনের এ রাজ্যটির জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। কেরালার বর্তমান বামপন্থার সরকার প্রণীত স্বাস্থ্যশুশ্রুষার পদ্ধতি এবং কভিড-১৯ দুর্যোগ মোকাবিলায় কেরালা রাজ্য সরকারের পদক্ষেপ বিশ্বজুড়েই প্রশংসা অর্জন করেছে। সত্যি কথা বলতে কি এটা সম্ভব হয়েছে এ কারণে যে, এই রাজ্যে দীর্ঘকাল ধরে একটি কার্যকর জনস্বাস্থ্য নেটওয়ার্ক চালু রয়েছে। বর্তমান সরকার রাজ্যের জনস্বাস্থ্য খাতকে সুরক্ষিত করতে স্বাস্থ্য খাত ও শিক্ষাসহ অন্যান্য খাতে যেসব ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে, তার কারণেই রাজ্যটি প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছে। ইতিমধ্যে তাদের গৃহীত পদক্ষেপসমূহ বিশ্বব্যাপী নন্দিত হয়েছে এবং ‘কেরালা মডেল’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে।
আসলে কেরালার রয়েছে একটি অনন্য ও বাস্তবসম্মত স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি, যা শুধু জনসম্পৃক্তই নয় সামগ্রিকও বটে। রাজ্যের পাবলিক হেলথ সিস্টেমের প্রথম পর্যায়ে রয়েছে প্রাইমারি হেলথ সেন্টার ও ফ্যামিলি হেলথ সেন্টার। স্থানীয় পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ অসুখ-বিসুখের কেবল চিকিৎসাই দেওয়া হয় না; এসব কেন্দ্রে টিকা দেওয়ার মতো বিশ্বজনীন স্বাস্থ্যসেবা, মানুষকে রোগ প্রতিরোধ এমনকি স্বাস্থ্যসম্মত জীবনপদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়। গ্রাম এলাকায় প্রতি ৩০ হাজার মানুষের জন্য এবং শহরে প্রতি ৫০ হাজার মানুষের জন্য একটি করে এমন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা সমাজের প্রত্যেকটি মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। দ্বিতীয় পর্যায়ে রয়েছে কমিউনিটি হেলথ সেন্টার, তালুক হাসপাতাল, জেলা হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসা সুবিধার জন্য রয়েছে জেনারেল হাসপাতাল। আর টারসিয়ারি অর্থাৎ উচ্চ পর্যায়ে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল এবং আঞ্চলিক ক্যানসার সেন্টারের মতো নির্দিষ্ট রোগের গবেষণা ও চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতাল।
কেরালার রয়েছে একটি অনন্য ও বাস্তবসম্মত স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি…গ্রাম এলাকায় প্রতি ৩০ হাজার মানুষের জন্য এবং শহরে প্রতি ৫০ হাজার মানুষের জন্য একটি করে এমন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা সমাজের প্রত্যেকটি মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।”
এছাড়াও অবকাঠামো ও সেবাসুবিধার উন্নয়নের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোকে আরও বেশি রোগীবান্ধব করতে ‘আরদ্রাম’ নামে একটি কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকার। বহির্বিভাগের রোগীরা যাতে স্বল্পতম সময়ের মধ্যে চিকিৎসা সুবিধা পায় এবং তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাগুলো সম্পন্ন করতে পারে সেটা নিশ্চিত করতেই ‘আরদ্রাম’ কাজ করছে। শুধু তাই নয়, আরদ্রাম প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১৭০টি পাবলিক হেলথ সেন্টারকে ফ্যামিলি হেলথ সেন্টারে রূপান্তরিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫০৪টি পাবলিক হেলথ সেন্টারকে ফ্যামিলি হেলথ সেন্টারে পরিণত করার কাজ চলছে। আরদ্রামের আওতায় ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষার মতো সুবিধাকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে। রাজ্যের মোট ব্যয়ের ৫ দশমিক ৬ শতাংশ অর্থ মানুষের স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ খাতে ব্যয় করা হচ্ছে।
ইতিমধ্যেই জননন্দিত ‘কেরালা উন্নয়ন মডেল’ শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো সামাজিক খাতে অনেক দূর এগিয়ে সাফল্যলাভ করেছে। পাশাপাশি, সম্পদ পুনর্বণ্টন কর্মসূচির মাধ্যমে রাজ্যের সামাজিক উন্নয়ন সূচক এখন আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে অনেক বেশি উন্নত। এভাবে সুষ্ঠু নীতি ও পরিকল্পনার মাধ্যমে করোনা মোকাবিলাই কেবল নয়, সামগ্রিকভাবে স্বাস্থ্যসেবাকে রাজ্যটির সরকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অসামান্য সাফল্যে নিজেদের গৌরবান্বিত করেছে, যা আমাদের পক্ষেও অসম্ভব কিছু নয়; বরং অনুসরণীয়ই। কেবল প্রয়োজন একটি সুসমন্বিত বাস্তবানুগ স্বাস্থ্যনীতি এবং সেজন্য চাই রাজনৈতিক সদিচ্ছা।◉
লেখক: লেখক , গবেষক ও সংবাদপত্রসেবী



