প্রধান খবরবাংলাদেশ

শাহবাগে বিক্ষোভ: ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও লাঠিচার্জ

ঢাকা প্রতিনিধি:কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নেয়া সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে গিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে দুপুর দেড়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বাইরে থেকে আসা শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এতে এ এলাকায় যানজটের সৃষ্টি হয়।

মিছিল থেকে স্লোগান উঠে- ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’

বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, আজ সংসদ বসবে। কোটা নিয়ে আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না নিলে আমরা এখান থেকে সরব না। আমরা চাই সরকার বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি আরো বলেন, সংসদে আমাদের পক্ষে সিদ্ধান্ত নিলে তবেই আমরা রাস্তা ছাড়ব। কেউ যদি আমাদের বুকে গুলিও চালায় আমরা কিছু করব না। আমাদের আন্দোলন সম্পূর্ণ অহিংস।

প্রসঙ্গত, কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলে আসছে। ওই আন্দোলনের অংশ হিসেবে ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন তিন আন্দোলনকারী। এরপর আরও বেশ কয়েকটি কর্মসূচিতে রাস্তায় নামেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের ৫ দফা দাবি হলো- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension