
সরকার পতন আন্দোলনের প্রস্তুতির আহ্বান নজরুলের
রূপসী বাংলা ডেস্ক:সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর শ্রমিক দল উত্তর ও দক্ষিণ আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাসেম চৌধুরী ও নগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের পতন আন্দোলনের বিকল্প নেই। কারণ বর্তমান সরকারের আচরণে দেশের মানুষ অতিষ্ঠ। তাই সরকারের পতনের আন্দোলনে প্রস্তুতি এবং সেই আন্দোলনে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমান দেশে দ্রব্যমূল্য বেড়েছে। কিন্তু এবিষয়ে কথা বলার কেউ নেই- বলেও মন্তব্য করে তিনি।
দুই শ্রমিক নেতার প্রতি স্মৃতিচারণ করে নজরুল ইসলাম বলেন, স্বৈরাচার ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আবুল কাসেম চৌধুরী ও সহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের চলে যাওয়ায় যে শুন্যস্থান তৈরী হয়েছে, তা পূরণ হওয়ার নয়।
শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী মো. আমির খসরু’র সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম প্রমুখ বক্তব্যে রাখেন।



