প্রধান খবরভারত

অনশনে বসুন মোদী! কটাক্ষ রাহুলের, ‘রাবণ’ আদিত্যনাথ সরকারকে বরখাস্তের দাবি কংগ্রেসের

রূপসী বাংলা ডেস্ক:উন্নাওয়ের গণধর্ষণের ঘটনা ‘মনুষ্যত্বের লজ্জা’ বলে মন্তব্য করলেন রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব কংগ্রেসের বাধায় ভন্ডুল হয়ে গিয়েছে বলে অভিযোগ করে আগামীকাল অনশনে বসার যে কর্মসূচি নিয়েছেন, তাকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি প্রশ্ন করেছেন, উন্নাওয়ের ঘটনার নিন্দায় কি উনি উপবাস করবেন?

ট্যুইটারে রাহুল লিখেছেন, উত্তরপ্রদেশে মেয়ের জন্য সুবিচার দাবি করা এক বাবার সঙ্গে যে বর্বরোচিত করা হল, তা মানবতাকে লজ্জায় ফেলেছে। আশা করি, এবার প্রধানমন্ত্রী শীঘ্রই মহিলাদের ওপর অত্যাচার, আইনশৃঙ্খলার অবনতি ও বিজেপির তদারকিতে ক্রমবর্ধমান নৈরাজ্যের নিন্দায় উপবাসে বসবেন।

মেয়েটির অভিযোগ, তাকে ধর্ষণ করেছেন বাঙ্গেরমউয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার ও তাঁর দলবল। গতকাল তার ৫০ বছর বয়সী বাবা পুলিশ হেফাজতে মারা গিয়েছেন। মেয়েটির দাবি, বিধায়কের নির্দেশেই মেরে ফেলা হয়েছে বাবাকে।

রাহুল একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে, ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন মেয়েটির বাবা, অভিযোগ করেছেন যে, তাকে মারধর করেছেন মেয়ের ধর্ষণকারী বিজেপি বিধায়কের ভাই।

এদিকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের বিতর্কিত মন্তব্য, ঘটনাটিকে রং চড়িয়ে দেখানো হচ্ছে। আইন আইনের পথে চলছে। যে দোষী সাব্যস্ত হবে, সে কঠোর সাজা পাবে।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারেনি বলে দাবি করে তাকে রাবন জমানা বলল কংগ্রেস।১৮ বছরের মেয়ের বিজেপি বিধায়ক, তাঁর ভাই ও সঙ্গীসাথীদের হাতে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। উন্নাও জেলায় মেয়েটির ওপর নারকীয় অত্য়াচারের পাশাপাশি পুলিশ হেফাজতে তার বাবার মৃত্যু নিয়েও শোরগোল হচ্ছে।এই প্রেক্ষাপটে কংগ্রেস আদিত্যনাথ সরকারকে অবিলম্বে বরখাস্তের দাবি তুলেছে।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, যোগী আদিত্য়নাথের মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও অধিকারই নেই। এখনই তাঁকে বরখাস্ত করতে হবে।
গতকাল গ্রেফতার করা হয় বিধায়কের ভাই অতুল সিংহকে।

এদিকে যোগী সরকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেস আলাদা ট্যুইট করেছে, এটা খুবই ভয়াবহ যে যোগী সরকার প্রাক্তন বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিয়েছে। এতে অপরাধীরা মদত পাবে, যে রাজ্যে মহিলা ওপর অপরাধ ক্রমশ বাড়ছে, সেখানে মহিলাদের সুরক্ষা শিকেয় উঠবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension