
চীনে করোনা ভ্যাকসিনের পেটেন্টের অনুমোদন
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যাকসিন উৎপাদনে প্রথম পেটেন্টের অনুমোদন দিয়েছে চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, দেশে প্রথম করোনা টিকার পেটেন্ট দেওয়া হয়েছে ফার্মাসিউটিক্যাল ফার্ম ক্যানসিনো বায়োলজিক্স ইনকের হাতে।
অ্যাড৫-এনকোভ নামের ভ্যাকসিনটি তৈরি করেছে চীনা সামরিক বাহিনীর সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ চেন ওয়েইয়ের দল ও ক্যানসিনো বায়োলজিক্স ইনক। চীনা ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত ডকুমেন্টে বলা হয়েছে, এই মহামারীর মধ্যেই অল্প সময়ে ব্যাপকহারে তৈরি হবে টিকাটি।
রোববার ক্যানসিনোর বিবৃতি দিয়ে সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, ভ্যাকসিনটির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে এর পেটেন্ট অনুমোদনের মাধ্যমে। সাংহাই ভিত্তিক ভ্যাকসিন বিশেষজ্ঞ টাও লিনা বলেছেন, পেটেন্ট অনুমোদনের কারণে বিপণন প্রক্রিয়া সম্ভবত সহজ হবে। আন্তর্জাতিক বাজারেও এই টিকার ওপর আস্থা বাড়বে বলে মনে করছেন তিনি।
সংবাদপত্র পিপল’স ডেইলি কিছু ডকুমেন্টের বরাতে জানিয়েছে, গত ১১ আগস্ট পেটেন্টের আবেদন করা হয়। প্রায় এক সপ্তাহ পর তা অনুমোদন দেওয়া হলো।
এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলাকালে সৌদি আরবও তা পরীক্ষার জন্য চীনের সঙ্গে চুক্তি করে। তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে রাশিয়া, ব্রাজিল ও চিলির সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
গত সপ্তাহে বিশ্বে প্রথম করোনার টিকার অনুমোদন দেয় রাশিয়া। স্পুৎনিক-৫ নামের ওই টিকাটি মেয়েও নিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।❐



