ভারত

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও গভীর কোমায় আচ্ছন্ন তিনি। শনিবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে মেডিকেল বুলেটিনে তার শারীরিক অবস্থার অগ্রগতির কথা জানানো হয়েছে।

তবে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাকে নজরদারিতে রাখছেন। বর্ষীয়ান এ রাজনৈতিক নেতার ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে। তার রেনাল প্যারামিটারের কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে। এখনও ভেন্টিলেটর সাপোর্টেই আছেন সাবেক এ রাষ্ট্রপতি। তবে তার শারীরিক অবস্থা হেমোডায়নামিক্যালি স্টেবল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা জানান, কোনও রোগীর শারীরিক অবস্থা হেমোডায়নামিক্যালি স্টেবল কথার অর্থ, তার শরীরে রক্ত সঞ্চালনের প্যারামিটার, অর্থাৎ রক্তচাপ, হার্ট এবং পালস রেট স্থিতিশীল এবং স্বাভাবিক।

চিকিৎসকরা জানিয়েছেন, ৮৪ বছরের সাবেক রাষ্ট্রপতি ইনটেনসিভ কেয়ারে রয়েছেন এবং তার ফুসফুসে সংক্রমণ ও রেনাল ডিসফাংশানের চিকিৎসা চলছে।

নয়াদিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে গত ১০ আগস্ট ব্রেন সার্জারি হয় ‘বাংলাদেশ বন্ধু’ প্রণব মুখার্জির। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। মস্তিষ্কের একটা ক্লট সরাতে তার ব্রেন সার্জারি করা হয়। সেদিনই সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয়।

গত বুধবার সাবেক এ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেছিলেন তার ছেলে অভিজিৎ মুখার্জি। টুইটে তিনি জানিয়েছিলেন, ‘আপনাদের শুভেচ্ছা এবং চিকিৎসকদের চেষ্টায় বাবা এখন স্থিতিশীল। তার শারীরিক অবস্থাও (ভাইটাল প্যারামিটার্স) নিয়ন্ত্রিত রয়েছে। বাবার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে আবেদন করব সবাইকে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension