
সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে মন্দির ও শ্বশান প্রকল্পের উদ্যোগ গ্রহন
রূপসী বাংলা ডেস্ক:সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ই এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস রোজভেল্ট এভিনিউ এর ওম শক্তি মন্দিরে এক সমাবেশে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন ক্রমবর্ধমান প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় এখন নিউইয়র্কের সর্বত্রই বসবাস করছেন ।

কাজেই প্রবাসী হিন্দু সমাজের প্রথা ও রীতি অনুযায়ী শবদেহ সৎকারের জন্য কালীমন্দির ও ফিউনেরাল হোম নির্মানের দাবী অনেকদিন থেকেই চলে আসছে । যার লক্ষ্যে ইতিমধ্যেই প্রতিমাসে ভক্তবৃন্দ অনুদান প্রদান করে চলেছে । সভা থেকে বক্তারা আরো জানান, মন্দির ও শ্বশান প্রকল্প বাস্তবায়নের জন্য নিউইয়র্ক সিটির যথাযথ দপ্তরে প্রাথমিক পেপারওয়ার্কের কাজ শুরু করা হয়েছে ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশী হিন্দু ধর্মালম্বী ছাড়াও যে কোন দেশের ক্রিমেশনে আগ্রহী প্রবাসীরা তাহা ব্যবহার করতে পারবে বলেও জানান উদ্যোক্তারা । বক্তব্য রাখেন ডা: নিহার সরকার, উজ্জ্বল রায়, নিখিল মন্ডল, দীপংকর রায়, বিজয় কৃষ্ণ ভৌমিক ,উওম মন্ডল, হিমান রায়, প্রিতীশ বালা, সুরুজ শীল প্রমুখ । সমাবেশের সমাপ্তি টানা হয় বিশ্বের সকল মানবজাতির কল্যানে শান্তি প্রার্থনার মধ্য দিয়ে।

উল্লেখ্য নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী হিন্দু ধর্মালম্বীর সঠিক পরিসংখ্যান না থাকলেও গত বছর সিটির জ্যামাইকা,জ্যাকসন হাইটস,উডসাইড, ব্রঙ্কস,ব্রুকলীনে মোট ১২ টি দূর্গাপূজা বাংলাদেশীদের আয়োজনে সম্পন্ন হয় এবং সেখানে শত শত প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন।



