
কোমায় যাওয়া রোগীর চোখ খুবলে খেল ইঁদুর
রূপসী বাংলা ডেস্ক:মুম্বইয়ের যোগেশ্বরীতে এক হাসপাতালে কোমায় চলে যাওয়া মুমূর্ষু এক রোগীর চোখ ইঁদুর খুবলে খেয়েছে বলে অভিযোগ। ২৭ বছরের ওই যুবকের বাবা অভিযোগ করেছেন, হাসপাতালের ইঁদুর তাঁর ছেলের ডান চোখের মণি খেয়ে নিয়েছে। যদিও হাসপাতাল অস্বীকার করেছে তাদের কোনও গাফিলতির কথা।
আহত ওই রোগীর নাম পরমিন্দর গুপ্ত। পথ দুর্ঘটনায় আহত পরমিন্দরের মাথায় জমাট বাঁধা রক্ত বার করতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচার হলেও তাঁর জ্ঞান ফেরেনি। এদিকে হাসপাতালের বিল ৬ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় গম ভাঙানোর দোকানের কর্মী তাঁর বাবা তাঁকে সরকারি বাল ঠাকরে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করান।
বাবা রাম গুপ্তের অভিযোগ, ছেলে কোমায় থাকলেও বাল ঠাকরে হাসপাতালের চিকিৎসকরা আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে সরিয়ে দেন তাঁকে। গতরাতে তিনি দেখেন, ছেলের খাটে দুটো ইঁদুর ঘুরছে, তিনি তাড়িয়ে দেন। এরপর আজ সকালে হাসপাতালে এসে দেখেন, ছেলের ডান চোখ থেকে রক্ত পড়ছে। হাসপাতাল কর্মীদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ।
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য অস্বীকার করেছে যাবতীয় অভিযোগ। তাদের দাবি, হাসপাতালকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করে এমন অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।



