
পাকিস্তানের করাচিতে বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানের করাচিতে একটি বরফ কারখানার বয়লার কক্ষে বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহত ব্যক্তিদের স্থানীয় আব্বাসী শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটে। এতে কারখানার কাঠামো ধ্বংস হয়ে যায়। পাশাপাশি পাশের দুটি শিল্প ইউনিটকেও ক্ষতিগ্রস্ত করে। এছাড়া কারখানার সামনে রাখা ৮টি গাড়ি নষ্ট করে ফেলে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন থেকে জানা যায়, মঙ্গলবার বরফ ও হিমায়িত পণ্যের গুদামজাতকরণের কারখানায় বিস্ফোরণ হয়। তখন কারখানার মধ্যে কয়েকজন কাজ করছিলেন। তখন মালিক কারখানায় ছিলেন না।
জানা যায়, বিস্ফোরণে ভবনের ছাদ ধসে গেছে। উদ্ধারকাজে জড়িত রয়েছে সিন্ধু রেঞ্জার ও করাচির মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মীরা।
করাচির প্রশাসক লায়েক আহমেদ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ নেন এবং ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে জানান।
শ্রমমন্ত্রী সাইদ ঘানি আহত ব্যক্তিদের চিকিৎসা ও নিহত ব্যক্তিদের দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন।❐



