
ফ্রান্সে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত
ফ্রান্সের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে সেই বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, আনুমানিক ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে শিশুর অভিভাবকত্ব নিয়ে একটি ঝামেলা চলছিল।
স্থানীয় সময় গতকাল ভোরে সেন্ট-জাস্টের নিকটবর্তী প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের এক নারী পালিয়ে বাড়ির ছাদে উঠে গিয়েছিলেন। সম্ভবত তার সঙ্গেই সন্তানের অভিভাবকত্ব নিয়ে হামলাকারীর দ্বন্দ্ব ছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে বন্দুকধারী একজন কর্মকর্তাকে হত্যা করেন এবং একজনকে আহত করেন। এরপর তিনি বাড়িতে আগুন ধরিয়ে দেন।
পরবর্তী সময়ে ঘটনাস্থলে যাওয়া আরো দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন ওই বন্দুকধারী। নারীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ওই বাড়ির পাশ থেকেই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শোক প্রকাশ করেছেন। তিনি নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সেন্ট-জাস্টের মেয়র ফ্রান্সোইস চুতার্ড বলেন, বাড়িটি আগুনে পুড়ে গেছে এবং কর্মকর্তারা ভারী অস্ত্রে সজ্জিত সন্দেহভাজন এখনো ভেতরে আছে কিংবা পালিয়ে গেছে কিনা, তা নির্ধারণের চেষ্টা করছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড দারমানিন পরে নিশ্চিত করেছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।❐
বিবিসি



