
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, আটক ৩
রূপসী বাংলা ডেস্ক:কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে রোববার দুপুর ২টায় হাইকোর্ট মাজার সামনে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল থেকে ফয়সালসহ সংগঠনটির ৩ জন নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।
স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, হাইকোর্ট মাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় ঈদগাহের সামনের গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে ফয়সালসহ সংগঠনটির ৩ জন নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃত ৩ জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সাবেক যুগ্ম-সম্পাদক আনু মো. শামীম, সাবেক দপ্তার সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের ঝিলন, উত্তরের যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান মোছাব্বিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



