নিউ ইয়র্কে বয়স্কদের ভ্যাকসিন প্রদানে রেজিস্ট্রেশন শুরু
জাহান আরা দোলন: নিউ ইয়র্কে প্রাথমিক তালিকায় থাকা স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের ভ্যাকসিন দেওয়ার পর রাজ্যটির প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন প্রদানে প্রাক নিবন্ধন শুরু হবে। প্রাক নিবন্ধন কর্মসূচি ভ্যাকসিন প্রদানে গতি বৃদ্ধি করবে বলে রাজ্যের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সিটি হল ৭৫ বা তদূর্ধ্বদের জন্য বুধবারে নথিভুক্তি কর্মসূচি ঘোষণা করেছে। মেয়র বিল ডি ব্লেসিও রাজ্যের প্রবীণ এবং পৌর কর্মচারীদের বড় অংশটির ভ্যাকসিন প্রদানে অন্তর্ভুক্তির জন্য রাজ্য কর্মকর্তাদের ওপর আবারও চাপ প্রয়োগ করেন।
ডি ব্লেসিও তার বিবৃতিতে একাধিকবার জোর দিয়ে বলেন যে, ভ্যাকসিন প্রদান কর্মসূচিকে গতিময় করতে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে নিউ ইয়র্কবাসীদের আরও বেশী কাজে নিযুক্ত করা।
নিউ ইয়র্ক সিটি আরও ঘোষণা করেছে যে আগামী রবিবার দুটি ভ্যাকসিন কেন্দ্র খোলা হবে। কেন্দ্র দুটি সপ্তাহের ৭দিনই ২৪ ঘণ্টা সেবা দেবে। এর একটি সানসেট পার্কের ব্রুকলিন আর্মি টার্মিনালে এবং অন্যটি ব্রোনক্সের বাথগেট ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সংরক্ষিতদের জন্য ইতোমধ্যে চালু করা ২৫টি কেন্দ্রের সঙ্গে এ দুটি কেন্দ্রকে সংযুক্ত করা হয়েছে।
নিউ ইয়র্কে ভ্যাকসিন সরবরাহের পর থেকেই ধীরগতির ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে নিয়মিত বিবাদমান ডি ব্লেসিও এবং কুমোর মধ্যে সমালোচনা অব্যাহত রয়েছে।
কুমো, ডি ব্লেসিও এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা কর্পোরেশন পরিচালিত শহরের ১১টি পাবলিক হাসপাতালকে দায়ী করেন, কেননা হাসপাতালগুলো সরবরাহকৃত ভ্যাকসিনের মাত্র এক-তৃতীয়াংশ বিতরণ করেছে।
এদিকে ডি ব্লাসিও প্রশাসন ও শহরের প্রধান সরকারি ও বেসরকারি হাসপাতালের নিয়মের বাইরে ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা নেওয়ার ফলে ক্রমাগত প্রশ্নের মুখোমুখি হয়ে চলেছেন।
সিটি হল নিশ্চয়তা দিয়েছে, রাজ্যের প্রতিটি পৌর এলাকায় কমপক্ষে একটা ২৪ ঘন্টার ভ্যাকসিন সেবা কেন্দ্র থাকবে। যদিও এখন পর্যন্ত মাত্র দু’টি ২৪ ঘন্টার ভ্যাকসিন সেবা কেন্দ্রের দেখা পাওয়া গেছে।❐



