সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে হবে: জাতিসংঘ
মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্বসম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘মিয়ানমারের সর্বশেষ নির্বাচন পরিবর্তন করা অগ্রহণযোগ্য। সেনা অভ্যুত্থানের নেতাদের বোঝাতে হবে এভাবে দেশ শাসন করা যায় না।’
তিনি আরো জানান, মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাই যাতে দেশটির ওপর চাপ প্রয়োগ করে সেজন্য আমরা সবকিছু করব।
এছাড়া মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন যে এ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি ঐক্যে পৌঁছাবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি ও প্রেসিডেন্টসহ ক্ষমতাসীন দলের ৪৫ নেতাকে আটক করা হয়েছে। আর সশস্ত্র বাহিনীর প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে সেনাবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তারপরই মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চলমান সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠক শেষে বিবৃতি দিতে পারে নি পরিষদ। কারণ যৌথ বিবৃতি দিতে স্থায়ী সদস্য ও ভেটো দেওয়ার ক্ষমতা থাকা চীনের সমর্থন দরকার ছিল। কিন্তু চীন সমর্থন করে নি।
গণতন্ত্রপন্থী নেতা সু চিকে শুধুমাত্র বন্দি করা হয় নি তার বিরুদ্ধে বেশ কিছু মামলাও দেওয়া হয়েছে। এছাড়া মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও।❐



