ইয়েমেনের প্রেসিডেন্ট ভবনে হামলা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের শহর আদেনে প্রেসিডেন্ট ভবনে হামলা চালিয়েছে দেশটির আন্দোলনরত জনগণের একাংশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরতে আল-জাজিরাসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার নাগরিক সেবার দুরবস্থা, দারিদ্রতা, আর অর্থনৈতিক অচলাবস্থার প্রতিবাদে বিক্ষোভকারীরা প্রেসিডেন্সিয়াল প্যালেসের ভবনের বাইরে ভাঙচুর চালায়।
রয়টার্স জানায়, হামলার সময় ভবনের ভেতর প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ সরকারি দলের সদস্যরা অবস্থান করছিলেন। ভবনের বাইরের প্রহরীরা বিক্ষোভকারীদের আটকাতে ব্যর্থ হয়। যদিও ভবনের ভেতরে অবস্থানরতদের নিরাপত্তা দিচ্ছে সৌদি সমর্থিত জোটের সামরিক বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এসব বিক্ষভাকারীদের বেশিরভাগই দেশটির সামরিক বাহিনীর সদস্য। মূলত নয় মাসের বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে গত কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছিলো। আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমঝোতার চেষ্টা করছে বলেও জানা গেছে।
বেশ কয়েক বছর ধরেই ইয়েমেনের জাতিসংঘ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ চলছে। ২০১৪ সাল থেকেই হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ অধিকাংশ অঞ্চল।❐



