
আফগান সাংবাদিককে তালেবানরা হত্যা করে নি, পিটিয়েছে
জিয়ার ইয়াদ খান নামে আফগানিস্তানের টোলো নিউজের সেই রিপোর্টার জানিয়েছেন, তালেবানরা তাকে হত্যা করেনি, তিনি বেঁচে আছেন। তবে তালেবানরা তাকে পিটিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে, তালেবানরা তাকে হত্যা করেছে।
জিয়ার ইয়াদ খান টুইটারে বলেন, “রিপোর্ট করার সময় কাবুলের নিউ সিটিতে আমাকে তালেবানরা মারধর করেছিল। আমার ক্যামেরা, প্রযুক্তিগত সরঞ্জাম এবং ব্যক্তিগত মোবাইল ফোনও ছিনতাই করা হয়েছে। কিছু লোক আমার মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছে, যা মিথ্যা। তালেবানরা একটি সাঁজোয়া ল্যান্ড ক্রুজার থেকে বেরিয়ে এসে আমাকে বন্দুকের মুখে মারধর করে”।
তিনি আরো বলেন, “আমি এখনও জানি না কেন তারা এমন আচরণ করেছিল এবং হঠাৎ করেই আমাকে আক্রমণ করেছিল। এই ঘটনার বিষয়ে তালেবান নেতাদের কাছে অভিযোগ করা হয়েছে; তবে, অপরাধীদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা মত প্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি”।



