কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়েছেন খালেদা: বিএনপি
রূপসী বাংলা ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার থাকার কক্ষটি স্যাঁতসেঁতে ও জরাজীর্ণ অবস্থার কারণে নরকবাসে পরিণত হয়েছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, খালেদা জিয়াকে করাগারে দুঃসহ জীবন যাপনে বাধ্য করছে। তাকে তিলে-তিলে বিপন্ন করে তুলতে সরকার তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছে না।
‘আমাদের নেত্রী যে অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে ও বাসের অযোগ্য কক্ষে রয়েছেন তা নানা অসুখ-বিসুখে আক্রান্ত হওয়ার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। অসংখ্য পোকামাকড়ে ভর্তি কক্ষটিতে বাস করা যেন নরকবাস,’ যোগ করেন তিনি।
বিএনপির এ নেতা দাবি করেন, তাদের দলীয় প্রধান পোকামাকড়ের কামড়ে আরো বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।‘কক্ষটি ভেজা, অস্বাস্থ্যকর ও ধূলি থাকার কারণে তার কাশি প্রতিদিন বেড়েই চলছে।’
তিনি বলেন, সরকারের গঠন করা চিকিৎসকদের পরামর্শও কারা কর্তৃপক্ষ কানে নেননি। কারণ তাদের পেছনে আছে সরকারি হুংকার। এ জন্য এখন পর্যন্ত তাকে অর্থপেডিক্স বেড দেয়া হয়নি। বিশেষায়িত হাসপাতালে এমআরআই পরীক্ষাও করাচ্ছে না কর্তৃপক্ষ।
রিজভী জানান, মঙ্গলবার কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করা কয়েকজন আত্মীয় জানিয়েছেন, তার ঘাড়ে, বাম হাতে, পায়ে ও চোখে অবিরাম ব্যথা হচ্ছে।
মাত্র কিছুদিন আগে খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচার হয়েছে। এখন কারাগারের দেয়াল থেকে ঝরা সিমেন্ট ও বালির কারণে চোখ দুটোর অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। ব্যথায় চোখ দুটো সবসময় লাল হয়ে থাকে, জানান রিজভী।
প্রধানমন্ত্রীর প্রতিহিংসা চরিতার্থ করতে খালেদা জিয়াকে অবৈধ ক্ষমতার জোরে বন্দী করে রেখে ধুকে-ধুকে কষ্ট দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
চলমান মাদকবিরোধী অভিযান সম্পর্কে তিনি বলেন, গত ৯ দিনে বন্দুকযুদ্ধে ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মাদক ব্যবসায়ী বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আসল মাদক ব্যবসায়ীরা অন্তরালে থেকে যাচ্ছে কীভাবে? তারা প্রভাবশালী মন্ত্রীদের বাড়িতে দেখা-সাক্ষাত করছে। তাই সরকারের এই মাদকবিরোধী অভিযান নিয়ে চারদিকে গভীর সংশয় দেখা দিয়েছে।
সরকার মাদকবিরোধী অভিযানের নামে বেছে-বেছে বিএনপির তরুণদের হত্যা করছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।



