
আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা আয়োজিত হয়েছে।
গেল ১০ নভেম্বর (বুধবার) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আটলান্টিক সিটি ফেয়ারমাউন্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।
নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসানের নেতৃত্বে কনস্যুলেটের কাউন্সেলর আয়েশা হক, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা কবির হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন, আবু জাফর এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ঝামেলা ছাড়াই এই সেবা নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



