আন্তর্জাতিক

তেল-গ্যাস খাতে আরও ভারতীয় বিনিয়োগ চায় রাশিয়া

নিষেধাজ্ঞায় জর্জরিত রুশ তেল-গ্যাস খাতে বিনিয়োগ আরও বাড়াতে ভারতকে অনুরোধ করেছে মস্কো। তারা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক আরও বিস্তৃত করতেও আগ্রহী, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়ায় রুশ অর্থনীতি ১৯৯১-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে মারাত্মক সময় অতিক্রম করছে।

ভারতকে তাদের অনেক পশ্চিমা মিত্র ইউক্রেইনে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানাতে চাপ দিয়ে আসছে, যদিও নয়া দিল্লি এখন পর্যন্ত সে পথে হাঁটেনি; দীর্ঘদিন ধরে তাদেরকে অস্ত্র সরবরাহ করা মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোটদান থেকেও বিরত থেকেছে তারা।

“ভারতে রাশিয়ার তেল ও পেট্রলিয়াম পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারের দিকে এগোচ্ছে, এই অঙ্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে,” রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এমনটাই বলেছেন বলে শুক্রবার ভারতের রুশ দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

নোভাক ভারতের পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরিকে বলেছেন, “রাশিয়ার তেল ও গ্যাস খাতে আরও ভারতীয় বিনিয়োগ এবং ভারতে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক বিস্তৃতিতে আগ্রহী আমরা।”

ইউক্রেইনে রুশ হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কয়েকদিন আগেই রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে; রুশ তেলের উপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাজ্যও পদক্ষেপ নিয়েছে।

রাশিয়া অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হওয়ায় ওয়াশিংটন ও লন্ডনের এসব সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে ভারতের রাষ্ট্র পরিচালিত কোম্পানিগুলোর অংশীদারিত্ব আছে; ভারতীয় পরিশোধক নায়ারা এনার্জির সিংহভাগ মালিকানাও রুশ প্রতিষ্ঠানগুলোর, এসব প্রতিষ্ঠানের মধ্যে রোসনেফটও অছে। ভারতীয় অনেক কোম্পানিই রাশিয়ার তেল কেনে।

উভয় দেশ যেন দক্ষিণ ভারতীয় শহর কুদানকুলামের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট নির্মাণসহ বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখে, সেটাও রাশিয়ার প্রত্যাশা, বলেছেন নোভাক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension