
যুক্তরাষ্ট্রে বাবা-মায়ের থেকে সন্তানদের আলাদা করার নীতির বিরুদ্ধে বিক্ষোভ
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রে প্রবেশকৃত বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের পৃথক করার আইনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ শুরু করেছে দেশটির কয়েক হাজার অভিবাসী। শুক্রবার বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের বর্তমান আইনকে পরিবর্তন করতে ‘ফ্যামিলি বিলংস টুগ্যেদার’ নামক এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
হাজারো মানুষের উপস্থিতিতে এ বিক্ষোভ কর্মসূচিটিতে সরকারের নীতি বিরোধিতা করে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ছিল চোখে পড়ার মত। আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচি চলাকালে দেশটির বিচার বিভাগের সামনে প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত হয়। এসময় বিক্ষোভে অংশ নেয়া রেভেরেন্ড জেনিফার বাটলার বলেন, বর্তমান নিয়মটি অত্যন্ত ‘জঘন্য’। প্রসঙ্গত, গত মে মাসের কেবল দুই সপ্তাহেই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৬৫৮ জন শিশুকে বিদ্যমান এই আইনের আওতায় তাদের বাবা-মায়ের থেকে পৃথক করে দেশটি।
২০০১ সালে জর্জ বুশ ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের পৃথক করার এ চর্চাটি চলে আসছিল। তবে ট্রাম্প প্রশাসনই প্রথম এ চর্চাটিকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে। এদিকে, গত মার্চে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে সন্তানদের পৃথক করে দেয়ার এ আইনটির বিষয়টি বিবেচনাধীন বললেও মে মাসে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট জানিয়ে দেয় এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে দেশটি। আলজাজিরা



