অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবরবাংলাদেশ

ডলারের বিপরীতে টাকার মান আরো কমল

বাংলাদেশে আবারও ডলারের দাম বেড়েছে। এর ফলে টাকার মান আরো ১০ পয়সা কমেছে। গতকাল মঙ্গলবার প্রতি ডলার ৯২ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ডলারের দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

দুই মাসের ব্যবধানে ১০ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৬.৭০ টাকা। এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পরবর্তী সময়ে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আর বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর ছয়বার বাড়ল ডলারের দাম।

এখন আন্ত ব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯২.৯০ টাকা। এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এদিকে গত মাসে ডলারের দাম বেড়ে খোলাবাজারে ১০২ টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে খোলবাজারে ৯৮ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।

টাকার মান আরেক দফা অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় আরো বাড়বে, আর লাভবান হবেন রপ্তানিকারকরা। সাধারণত রপ্তানিকারকদের সুবিধা দিতেই স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে আমদানি পণ্যের বাড়তি দাম দিতে গিয়ে চাপ পড়ছে রিজার্ভে। যদিও এরই মধ্যে বিলাসী ১৩৫ পণ্যের ওপর আমদানিতে ২০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে সরকার। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের লাগাম টানতে শুল্ক বৃদ্ধির পাশাপাশি কিছু পণ্যের আমদানি বন্ধ করা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্ত ব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এর পর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। ২০২১ সালের আগস্টের শুরুতেও আন্ত ব্যাংকে প্রতি ডলারের মূল্য একই ছিল। ৩ আগস্ট থেকে দুই-এক পয়সা করে বাড়তে বাড়তে গত বছরের ২২ আগস্ট প্রথমবারের মতো ডলারের দাম ৮৫ টাকা ছাড়ায়।

এদিকে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত আন্ত ব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কেনাবেচা হয়েছিল ৮৫ টাকা ৮০ পয়সা, যা ৯ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা। গত ২৩ মার্চ তা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়। গত ২৭ এপ্রিল ডলারপ্রতি ২৫ পয়সা বেড়ে ৮৬ টাকা ৪৫ পয়সায় বেচাকেনা হয়েছে। গত ১০ মে ডলারপ্রতি আরো ২৫ পয়সা বেড়ে ৮৬ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। গত ১৬ মে আন্ত ব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কেনাবেচা ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ২৩ মে ফের ৪০ পয়সা বাড়িয়ে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension