
বন্যা সহায়তায় বাংলাদেশকে আড়াই লাখ ডলার দিল যুক্তরাষ্ট্র
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহ করতে সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) জরুরিভাবে ২ লাখ ৫০ হাজার ডলার (২ কোটি ৩০ লাখ বাংলাদেশি টাকা) দিয়েছে। আজ বুধবার (২২ জুন) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। শুধুমাত্র গত বছরই ইউএসএআইডি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা এবং অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রেখেছে।



