রূপসী বাংলা ডেস্ক:থানায় ঢুকে পুলিশ কনস্টেবলকে চড় থাপ্পড় মেরে লাপাত্তা হয়ে গেছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি নেতা চম্পালাল দেবদাস।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মধ্যপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি ছাড়িয়ে নিতে দেওয়াস এলাকার উদয়নগর থানায় এসেছিলেন চম্পালালের ভাতিজা। কিন্তু পুলিশ সদস্যরা তাদের ছড়েতে রাজি না হওয়ায় তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।
থানার পাশে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চম্পালালের ভাতিজা তর্কের মধ্যেই কাউকে মোবাইলে কল দেন। এর পর পরই থানায় আসেন চম্পালাল দেবদাস। এসেই থানাজুড়ে তাণ্ডব শুরু করেন তিনি। সন্তোষ নামের পুলিশ কনস্টেবলকে থানার ভেতরেই চড় থাপ্পড় মারতে শুরু করেন তিনি।হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, কনস্টেবল সন্তোষকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন চম্পালাল দেবদাস।তবে একজন পুলিশ সদস্য হয়েও কোনো ধরনের প্রতিবাদ করেননি ওই কনস্টেবল। এমনকি তার সহকর্মীরাও প্রতিবাদ করার সাহস করেননি।চম্পালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশের ভাষ্য, চম্পালালের মোবাইল ফোনের সুইচ অফ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, শাসক দলের বিধায়ক বলেই চম্পালালকে আড়ালের চেষ্টা চলছে। আর গোটা বিষয়টি নিয়ে একেবারে নিশ্চুপ বিজেপি।