
ক্যানসারে ভুগছেন দালাই লামা?
রূপসী বাংলা ডেস্ক:তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা গুরুতর অসুস্থ। প্রস্টেটের ক্যানসারে ভুগছেন এই ধর্মগুরু। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে দালাই লামার। দুই বছর আগেই যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকে দালাই লামাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই নাকি খবরটি প্রকাশ্যে আসে, জানিয়েছে ভারতের একটি সংবাদ সংস্থা।
বর্তমানে ক্যানসার ছড়িয়েছে দালাই লামার শরীরের অন্যান্য অংশেও। তার অবস্থা অত্যন্ত সংকটজনক, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থাটি।
সংস্থা সূত্রে খবর, ক্যানসারের কারণেই রীতিমতো দুর্বল হয়ে পড়েছেন ১৪তম দালাই লামা। রোগ প্রতিরোধের ক্ষমতাও একেবারেই নেই। তার সাম্প্রতিক যে ভিডিওগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলিতে দেখা গিয়েছে, তিনি টলমল পায়ে হাঁটছেন। নিচ্ছেন সহচরদের সাহায্যও।
চীন ও ভারত দালাই লামার অসুস্থতার বিষয়টি জানে, এমনটাই বলা হয়েছে তাদের খবরে। যদিও তিব্বতের প্রশাসনের (সিইটি) তরফে দালাই লামার অসু্স্থতার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
তারা সাফ জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন দালাই লামা। তার অসুস্থতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রসঙ্গে তিব্বিত প্রশাসনের দাবি, দেশের বাইরেই পা রাখেননি দালাই।
বর্তমানে দালাই লামার বয়স ৮২।তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে অনুরাগীদের মধ্যে।
কিন্তু তিব্বতের তরফে বারবার বলা হচ্ছে, ‘হিজ হাইনেস ইজ হেলদি।’ অথচ গত মার্চেই দালাই লামার সফর বাতিল করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেই দালাই লামার স্বাস্থ্য নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন ভারতীয় গোয়েন্দারাও।
দালাই লামার অসুস্থতার খবরেই উঠেছে অপর একটি প্রশ্ন, তার উত্তরসূরী কে। চীনের মতোই এই প্রশ্ন যুক্তরাষ্ট্রেরও।দালাই লামার ৯০তম জন্মদিনেই ঘোষণা করা হবে পরবর্তী উত্তরসূরীর নাম, বলা হয় এমনটাও। দালাই লামা নিজেই জানিয়েছিলেন জন্মদিনে উত্তরসূরী নির্বাচনের কথা। কিন্তু এই বিষয়ে চিনের হস্তক্ষেপের বিষয়টি মোটেও পছন্দ নয় তার।
চলতি বছরের জম্মু বিশ্ববিদ্যালয় ও ধর্মশালায় এসেছিলেন তিব্বতি ধর্মগুরু। ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বরবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই শান্তিকামী ধর্মগুরু।
সূত্র: আনন্দবাজার পত্রিকা



