
শ্রাবণের বুঝি ফেরার সময় হলো
ধুয়ে গেছে ছিল জমা অভিমান যত,
নতুন করে যতই সাজুক আকাশ
তবুও শ্রাবণ ‘তুমি তোমারই মত’।
আঁজলা ভরে আটকে রাখবো মেঘ
ভিজবো তুমুল সন্ধ্যে নামবে যেই,
এলোমেলো মনে টুপটাপ পিছুটান
মনের গলিতে জল জমে থৈথৈ।
ঠিক তারপর রাত্রি নামার মুখে
আকাশ বুকে জমলে আঁধার গাঢ়,
হাত বাড়িয়ে বৃষ্টিফোঁটা ছোঁব
গহীন বুকে বাড়বে মায়া আরো।
স্নিগ্ধ মধুর ভোরের আলো দেখে
আবদারি মন সংযমী হতে শেখে
বলবো তোমায় ‘শ্রাবণ এসো আবার’
আগলে নেবো সময় থমকে রেখে।



