আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে আমন্ত্রণ পায়নি তিন দেশ

সদ্যপ্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তবে এ তালিকায় বাদ পড়েছে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে দেশটির ওপর অবরোধ আরোপ করে যুক্তরাজ্য। সেই থেকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ছিন্ন ব্রিটেনের। রুশ মিত্র হিসেবে পরিচিত বেলারুশও তাই যুক্তরাজ্যের অপছন্দের তালিকায় রয়েছে। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনসহ রোহিঙ্গা গণহত্যা ও জান্তা সরকারের শাসনের কারণে ব্রিটেনের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মিয়ানমারও। ফলে এসব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা রানির শেষকৃত্যে অংশগ্রহণের আমন্ত্রণ পাননি।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়া বিদেশি অতিথিদের জন্য বিশেষ নির্দেশনাবলি প্রকাশ করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

নির্দেশনা অনুসারে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর হয়ে আসতে চাইলে ব্যক্তিগত বিমান ব্যবহার করতে পারবেন না অতিথিরা। এক্ষেত্রে তাদের লন্ডনের অন্যান্য বিমানবন্দর ব্যবহার করতে হবে। এছাড়া বিমানবন্দর থেকে শেষকৃত্যের অনুষ্ঠানস্থলে পৌঁছাতে কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি বা হেলিকপ্টারও ব্যবহার করতে পারবেন না অতিথিরা।

এক্ষেত্রে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে অতিথিদের ব্যবহার করতে হবে ব্রিটিশ কর্তৃপক্ষের নির্ধারিত বাস। বাসগুলো ঘিরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্থান স্বল্পতার কারণে অতিথিদের সঙ্গে স্বামী/স্ত্রী বা সঙ্গী ছাড়া পরিবারের অন্য সদস্যদের অংশ নেওয়ার ব্যাপারেও আছে নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানি মারা যাওয়ার খবর প্রকাশ করে বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension