
শিশু বিভাগে আট নবজাতক খুন, নার্স আটক ব্রিটেনে
ব্রিটেনের একটি হাসপাতালের শিশু বিভাগে পর পর আট নবজাতকের মৃত্যু হয়। বছর পাঁচেক আগের ঘটনা এটি। সেই ঘটনায় ওই হাসপাতালের এক নার্সকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের পুলিশ।
আটক লুসি লেটবির বয়স ৩০ বছর। তাঁর বিরুদ্ধে আরো ১০ শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে ব্রিটেনের চেস্টারের ওই হাসপাতালে পর পর কয়েকজন শিশুর মৃত্যু হয়। তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানায়, সময়ের আগে জন্ম নেওয়া ওই শিশুদের ফুসফুস ও হার্টের সমস্যা ছিল বলে তারা মারা গেছে।
পরে ঘটনা অন্যদিকে মোড় নেয়। ২০১৮-২০১৯ সালেও শিশু মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে লুসিকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু প্রমাণের অভাবে তাঁর বিরুদ্ধে মামলা শুরু করতে পারেনি পুলিশ।
সেই তদন্ত আবারও শুরু হওয়ায় গত মঙ্গলবার লুসিকে তাঁর হেয়ারফোর্ডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
লুসির বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা তাঁকে অত্যন্ত শান্ত স্বভাবের নার্স বলেই দাবি করেছেন। এ ঘটনায় তাঁরা স্তম্ভিত। তবে পুলিশ জানিয়েছে, ওই শিশুদের লুসিই খুন করেছেন।
এতসংখ্যক নবজাতককে তিনি কেন খুন করলেন, সেটা স্পষ্ট করে জানায়নি পুলিশ। ওই হাসপাতালের আরো ১০ জন নবজাতককে তিনি যে হত্যার চেষ্টা করেছেন, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
ফক্স নিউজ



