
তোমার শহরে
প্রেম আসে ঝড়ের মত।
ভুল কালবৈশাখী সে
চৈত্র গ্রীষ্ম ভুলে
আসে শরতের সন্ধ্যা-শীতে,
আসে হুড়মুড় করে উড়ায়ে দিতে।
তোমার শহরে প্রেম আসে
থরো থরো অস্থিরতা নিয়ে।
কলবল কলবল কত কথার মত।
চঞ্চল, পাগলপারা, অশান্ত।
তোমার শহর এলোমেলো খুব।
চঞ্চলতায় এফোঁড় ওফোঁড়।
শুকনো পাতাতেও রঙবাহার।
ধুলাবালি একাকার।
অশান্ততে ক্লান্ত তুমি।
হাতজোড়ে বর চাও।
তোমার শহরে দেবতা আসে।
হ্যামিলনের বাঁশিওয়ালার মত।
তার সাথে চুক্তি কর।
অশান্ত অশান্তি তাড়াও।
বিনিময়ে যাবজ্জীবন থিতু হবার শর্ত থাকে।
কি এক করুণ সুরে বাঁশিতে সুর তোলে দেবতা।
ঝড় থামে আচমকা।
ঝরাপাতা সব নাচে না আর
ধুলাবালিগুলো সুরসুর করে লাইনে দাঁড়ায়।
দেবতা হাঁটতে হাঁটতে
পশ্চিমের পাহাড়ে যায়,
নিয়ে যায় সব অশান্তি।
তোমার শহর অতীত ভুলে।
তোমার শহর শর্ত ভুলে।
তোমার শহর চুক্তি ভুলে।
খুব অভিমানে
খুব স্পর্শকাতরতায়
খুব মলিনতায়
হ্যামিলনের বাঁশিওয়ালা
আবার তুলে নেয় বাঁশি।
মন পাগলের সুর তোলে।
এইবার পূবপাহাড়ে যায় সে,
সাথে নিয়ে সব পাগলপারা প্রেম।
সেই থেকে, সেই থেকে
তোমার শহর
হয়তোবা, শান্তির।
তবে প্রেমহীন।




