
সংবাদ সম্মেলনে ইমরানের বিরুদ্ধে আইএসআই প্রধান
পাকিস্তানের ইতিহাসে ঘটলো নজিরবিহীন ঘটনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের গোয়েন্দাপ্রধান এক বিরল সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন। সংবাদ সম্মেলনে ইমরান খানকে এক হাত নিয়েছেন গোয়েন্দাপ্রধান। সেই সঙ্গে দেশটিতে রাজনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুম এবং প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল বাবর ইফতিখার। সংবাদ সম্মেলনে তারা সামরিক নেতৃত্বের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের রুদ্ধদ্বার আলোচনার বিষয়ে কথা বলেছেন।
সম্মেলনে ইমরানের বিরুদ্ধে এক ধরনের বোমা ফাটান জেনারেল নাদিম। তিনি বলেন, সরকার টেকাতে ইমরান খান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে অনির্দিষ্টকালের জন্য সেনাপ্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছিলেন। যা বাজওয়া প্রত্যাখ্যান করেছিলেন।
জেনারেল নাদিম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের আসল কারণ জেনারেল বাজওয়া। ইমরানের সরকারকে অবৈধ ও অসাংবিধানিকভাবে সমর্থন দিতে সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করেছে।
এর আগে ইমরান খান বলেন, গত এপ্রিলে তার সরকারকে উৎখাত করতে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছিল। সেনাবাহিনী বিরোধীদের সমর্থন করেছিল বলেও অভিযোগ করেন ইমরান।
সেনাবাহিনীর রাজনীতির বাইরে থাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তাই সরকারকে সমর্থন দিতে ইমরান খানের ক্রমাগত অনুরোধ প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী, বলেন আইএসআই প্রধান। তবে সংবাদ সম্মেলনে নাদিম আনজুম বলেননি ইমরান কোথায় এমন অনুরোধ করেছিলেন।
পাকিস্তানে আইএসআই প্রধানের জনসম্মুখে আসার ঘটনা বিরল।



