
‘৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার হয়নি: ইমরান খান
১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শুক্রবার রাতে লাহোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন-পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সেনাবাহিনী যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারত, তাহলে অতীতে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যেত না। খবর দ্য ডন ও জিনিউজের।
গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচি চলাকালে বন্দুকধারীর গুলিতে আহত হন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। তার ডান পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। ঘটনার পরপরই তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে সেখান থেকেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। দুই পায়ে ব্যান্ডেজ পরা অবস্থায় একটি হুইলচেয়ারে তিনি এ ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, শুধু রাজনৈতিক দলই পাকিস্তানকে ঐক্যবদ্ধ করতে পারে। যদি সেনাবাহিনী জাতিকে ঐক্যবদ্ধ করতে পারত, তাহলে পূর্ব পাকিস্তান ভেঙে যেত না। বর্তমান ক্রান্তিকালে একমাত্র পিটিআই-ই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আমার কাছে আগে থেকেই তথ্য ছিল যে, ওয়াজিরাবাদে আমার ওপর এ ধরনের হামলা হতে পারে। এ ঘটনার নেপথ্যে চার ব্যক্তি রয়েছেন। আমি আগেই তিনজনের নাম বলেছি। এ ছাড়া বিদেশে থাকা এক ব্যক্তি এর নেপথ্যে রয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দুই ব্যক্তি গুলি চালিয়েছে। প্রথম গুলিটি পায়ে লাগার পরই আমি মাটিতে পড়ে যাই। তবে দ্বিতীয় গুলিটি শরীরে লাগলে আমি হয়তো বাঁচতাম না। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে চরমপন্থি বলা হচ্ছে। কিন্তু আসলে সে চরমপন্থি নয়। এর পেছনে অন্য কাহিনি রয়েছে। আমরা তা উন্মোচন করব।
ইমরান খান অভিযোগ করে বলেন, পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবে আমাকেও হত্যার পরিকল্পনা করেছিল সরকার ও তাদের পরিচালকরা।
ইমরান খান বলেন, জাতিকে সবসময় বোকা বানিয়ে রাখা সম্ভব নয়। এর প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন। এ নির্বাচনে আমি ৯টির মধ্যে ৮টি আসনে জয়লাভ করি। আর এতেই সরকার ঘাবড়ে যায়।
তিনি প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের উদ্দেশে বলেন, দেশের সবচেয়ে বড় দলের নেতা ন্যায়বিচার পাচ্ছেন না। গত ছয় মাসে আমার প্রতি অনেক অন্যায় করা হয়েছে। ভাষণের শেষ পর্যায়ে তিনি দেশবাসীকে দাবি আদায়ে রাজপথে থাকার আহ্বান জানান।



