
প্রার্থীদের প্রধান চ্যালেঞ্জ মাদকমুক্ত ওয়ার্ড গঠন
রূপসী বাংলা ডেস্ক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে ও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। প্রতিটি ওয়ার্ড এখন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের পদচারণে মুখর।
৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ব্যবসা-বাণিজ্যের দিক থেকে অন্যতম টঙ্গী বাজার এলাকার ৫৭ নম্বর ওয়ার্ড। একই সঙ্গে সন্ত্রাস ও মাদকের সমস্যাও এলাকার বড় সংকট। কাউন্সিলর প্রার্থীদের তাই প্রধান চ্যালেঞ্জ মাদকমুক্ত ওয়ার্ড গঠন।
২০ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৮৯৯, পুরুষ ভোটার ১১ হাজার ৮১৩ জন।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন, যাদের মধ্যে চারজন আওয়ামী লীগের ও একজন বিএনপির। তবে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগের তিন প্রার্থীর মধ্যে। ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার (টিফিন ক্যারিয়ার প্রতীক), আওয়ামী যুবলীগের কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন (মিষ্টিকুমড়া প্রতীক) ও সাবেক ছাত্রলীগ নেতা কাজী মোহাম্মদ সেলিমের (লাটিম প্রতীক) মধ্যে।
এছাড়া অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগ টঙ্গী থানা সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম (ঠেলাগাড়ি প্রতীক) ও টঙ্গী থানা যুবদলের সভাপতি সুরুজ্জামান মাস্টার (ঘুড়ি প্রতীক)।
পাঁচ প্রার্থীর মধ্যে কাজী মোহাম্মদ সেলিম এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্য চারজন এই ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ছিলেন।
সংরক্ষিত ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ডে মহিলা প্রার্থী চারজন। তারা হলেন রাখি সরকার (চশমা প্রতীক) রাশিদা বেগম (আনারস প্রতীক), শিরিন শহিদ (অ্যারোপ্লেন প্রতীক ) ও শাহিনুর বেগম (জিপগাড়ি প্রতীক)। তাদের মধ্যে তিনজন আওয়ামী লীগ সমর্থক। রাখি সরকার এই তিন ওয়ার্ড থেকে গত চারবারের নির্বাচিত কাউন্সিলর। বাকি তিনজন নতুন প্রার্থী। এবার জয়লাভের সম্ভাবনা রয়েছে রাখি সরকারের।
আগামী ২৬ জুন সকাল আটটা থেকে সিটির অন্যান্য এলাকার সঙ্গে একযোগে ভোট নেয়া হবে ৫৭ নং ওয়ার্ডের ৭টি কেন্দ্রে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডে সবচেয়ে বেশি কাউন্সিলর প্রার্থী। ভোটাররা প্রার্থীদের ইশতেহার নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন। কাকে নির্বাচিত করলে এলাকার মাদক. সন্ত্রাস নির্মূল করা যাবে এবং বাজার এলাকার উন্নয়ন হবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এলাকাবাসীর মতে, এই ওয়ার্ড এলাকার মূল সমস্যা মাদক ব্যবসা, সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ইত্যাদি। ভোটারদের দাবি, পাঁচ প্রার্থীর মধ্যে যিনি এই ওয়ার্ডের মাদকের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত মাজার বস্তিকে মাদকমুক্ত করতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, ৫৭ নম্বর ওয়ার্ডের মধ্যে মাজার বস্তিটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের কাছে মাদকের হাট বলে পরিচিত।
ভোটারদের দাবি, এই মাদক পল্লিটি দীর্ঘ দুই যুগ ধরে চলে এলেও স্থানীয় প্রশাসন বস্তিতে মাদক বন্ধের তেমন কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার নির্বাচিত হওয়ার পর প্রশাসনের সহায়তায় মাদক নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কতিপয় নেতার আশ্রয়ে ও প্রশাসনের সহযোগিতায় এই বস্তিতে গোপনে মাদক বেচাকেনা চলে। মাদকের কারণে এই এলাকায় প্রতিনিয়ত বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বড় বড় অপরাধ।
কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন সরকার বলেন, ‘আমি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গতবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার সড়ক ব্যবস্থা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তুলেছি। মাজার বস্তির প্রভাবশালী কয়েকজন মাদক ব্যবসায়ীকে আইনের হাতে তুলে দিয়েছি এবং মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি।’ তাই ভোটাররা এবারও তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।
অপর কাউন্সিলর প্রার্থী আজাহার উদ্দিনও দাবি করেন, টঙ্গী পৌরসভার কমিশনার থাকাকালীন এলাকাটি সন্ত্রাস ও মাদকমুক্ত রেখেছেন তিনি। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি বলেন, ‘তাই ভোটাররা এবার আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। তাছাড়া আমার এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল না, স্থানীয় ভোটারদের অনুরোধে প্রার্থী হয়েছি।’
প্রার্থীরা নির্বাচনের আগে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচিত হওয়ার পর আর কথা রাখে না- এমন অভিযোগ করে আরেক কাউন্সিলর প্রার্থী কাজী মোহাম্মদ সেলিম বলেন, ‘আমি জয়লাভ করলে আমার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’ মাদকের বিষয়ে তিনি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। এটা কারও একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। তবে এই ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’
পৌরসভায় তিনবার ও সিটি করপোরেশনে একবার বিজয়ী কাউন্সিলর রাখি সরকার জানান, ‘চারবারই আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এবারও ভোটাররা আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবে।’



