রাজনীতি

ইসির শেষ টেস্ট পরীক্ষা গাজীপুর: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে নির্বাচন কমিশনের জন্য শেষ পরীক্ষা হিসেবে দেখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পরীক্ষায় ‘পাস’ না করলে তারা কমিশনের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যাবেন।

আগামী ৩০ জুলাইয়ের ভোটের জন্য রাজশাহী ও বরিশালে দলের প্রার্থী ঘোষণা করতে করা সংবাদ সম্মেলনে এ কথা জানান ফখরুল।

বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীতে ধানের শীষ প্রতীকে লড়বেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আর বরিশালে মজিবর রহমান সারোয়ার।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এমনটি মনে করলে কেন বিএনপি প্রার্থী দিচ্ছে- এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আমরা এটাকেও একটা আন্দোলনের অংশ হিসাবে বেছে নিয়েছি। তাই আমরা নির্বাচনে অংশ নেই।’

‘বিগত দিনের নির্বাচনগুলো কেমন হয়েছে বা বর্তমানে কেমন হচ্ছে সেটা সাধারণ জনগণকে দেখানোর জন্যই আমরা নির্বাচনে আসি এবং জনগণ ও বিগত দিনের নির্বাচনের কারচুপি দলীয়করণ দেখে তারাও মোটামুটি নিশ্চিত হতে পেরেছে যে এই সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

খুলনা সিটি নির্বাচন নিয়ে আপত্তি থাকলেও গাজীপুরে লড়াই করার পেছনেও একই কারণ বলে জানান ফখরুল।

‘আমাদের গাজীপুর সিটি নির্বাচনে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের একটা সর্বশেষ টেস্ট পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ না হতে পারলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা সিটি নির্বাচনে প্রায় ৫০ টি কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল না, গাজীপুরেও এমন হবে কি না-এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘খুলনায় সকল কেন্দ্রেই আমাদের এজেন্ট ছিল। কিন্তু নির্বাচনে কারচুপির জন্য তাদের আগে থেকেই বের করে দেয়া হয়েছিল।’

‘আর গাজীপুরে প্রতি কেন্দ্রে আমাদের তিনজন করে এজেন্ট দেয়া হবে।’

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা দেখছি গাজীপুরের পুরো নির্বাচনটাই পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে এসপিকে। তাহলে নির্বাচন কমিশনের কী দরকার ছিল? এসপি সাহেবকে দিয়েই সব করাতে পারত সরকার।’

রাজনীতি অংকের হিসাব, এখানে ভালোবাসা বা প্রেমের সুযোগ নেই- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যেরও জবাব দেন ফখরুল।

বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জানি কাদের সাহেব ভালো প্রেমের গল্প, কবিতা লিখতে পারেন। যদি এটা পারেন তাহলে কেন জনগণের সাথে প্রেম করতে পারেন না? জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কেন পারেন না তিনি?’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension