
হজ নিয়ে তিউনিসিয়ার আলেমদের ‘উদ্ভট দাবি’
রূপসী বাংলা ডেস্ক:সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ বাধ্যতামূলক হলেও সম্প্রতি তিউনিসিয়ার জনতাকে হজে যেতে নিরুৎসাহী করতে আহ্বান জানিয়েছেন দেশটির ইমামরাই। এ বিষয়ে দেশটির গ্র্যান্ড মুফতিকে পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছেন তারা।
তিউনিসিয়ার ইমামদের দাবি, সৌদি আরব হজে আয় করা টাকা যুদ্ধে ব্যয় করছে। এখান থেকে আয় করা অর্থে অস্ত্র কিনছে দেশটি আর এই অস্ত্রে প্রাণ যাচ্ছে বিভিন্ন দেশের মুসলমানদেরই।
অবশ্য তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতি এই আহ্বানে সাড়া দেননি, তার দেশটির সরকারও এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি।
আবার তিউনিসিয়ার ইমামদের অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়াও জানায়নি সৌদি আরব।
তিউনিসিয়ার ইমামদের ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাদেল আশর বলেন, ‘হজে লোক না গিয়ে সেই অর্থ তিউনিসিয়ার মানুষদের উন্নয়নে ব্যয় করাই উত্তম হবে।’
এমন আহ্বান নেয়ার কারণ ব্যাখ্যা করে ইমামদের সংগঠনের এই নেতা বলেন, ‘সৌদির সরকার যে টাকা হজ থেকে আয় করছে, তার সবই ব্যয় করছে অস্ত্র ক্রয়ে। শুধু তাই নয়, হজের টাকায় কেনা অস্ত্র মুসলিম বিশ্বের বিরুদ্ধেই ব্যবহার করছে সৌদির সরকার।’
তবে ইমামদের এই অনুরোধকে গুরুত্ব দিচ্ছে না তিউনিসিয়া সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ অদৌম সম্প্রতি জানিয়েছেন, এ বছরে তিউনিসিয়া থেকে হজে যাওয়ার জন্য প্রাথমিকভাবে দুই লাখ ৩৬ হাজার আবেদন পড়েছে।
বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে হামলা চালাচ্ছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটি অস্ত্র ক্রয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের স্বীকৃতি পেয়েছে।
সৌদি আরব বর্তমানে তিউনিসিয়া, ইয়েমেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত। সিরিয়ায় হামলাতেও সৌদি জোটের অংশগ্রহণের অভিযোগ আছে।



