
আকাশে ধ্বংস করা উড়ন্ত বস্তুর সঙ্গে চীনের সম্পর্ক নেই: বাইডেন
উত্তর আমেরিকার আকাশে সম্প্রতি যেসব রহস্যজনক বস্তু ধ্বংস করা হয়েছে তার সঙ্গে চীনের নজরদারি কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, খুব সম্ভবত বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পদ ছিল এগুলো। এরসঙ্গে চীনের যোগাযোগ থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ খবর দিয়েছে সিএনএন।
উত্তর আমেরিকার আকাশে রহস্যময় এসব বস্তুগুলো ছিল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সবথেকে আলোচিত বিষয়। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, অন্য কোনো দিক থেকে মার্কিনিদের দৃষ্টি সরাতেই এই নাটক করা হয়েছে। তাদের একজন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা সদস্য এডওয়ার্ড স্নোডেন। তবে যুক্তরাষ্ট্রের আকাশে সম্প্রতি চীনের একটি বেলুন প্রবেশের পরপরই এই রহস্যময় বস্তুগুলো চিহ্নিত হওয়ায় অনেক মার্কিনি এসবের পেছনেও চীন আছে বলে আশঙ্কা করছিলেন। এ ইস্যুতে বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন প্রেসিডেন্ট বাইডেন। এতে তিনি জানান যে- এগুলো চীনের তার কোনো প্রমাণ নেই।
বাইডেন বলেন, আমরা এখনও ঠিক জানি না যে এই তিনটি বস্তু কী ছিল।
তবে এখনও এমন কিছু পাওয়া যায়নি যাতে বুঝা যায় যে এগুলোর সঙ্গে চীনের গুপ্তচর বেলুন প্রোগ্রামের সম্পর্ক ছিল। এগুলো অন্য কোনও দেশের নজরদারি যান কিনা তাও জানা যায়নি। মার্কিন গোয়েন্দারা মনে করছেন, এই তিনটি বস্তু সম্ভবত বেলুন ছিল, যা বেসরকারী কোম্পানির সম্পদ। এগুলো হয়ত বিনোদন বা গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল। সর্বশেষ এমন বস্তুটিকে গুলি করে ফেলার চার দিন পর এ নিয়ে মুখ খুললেন বাইডেন। যে উড়ন্ত বস্তু নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে এত এত আলোচনা সেগুলো আসলে কি তা প্রকাশে বাইডেনের ওপরে চাপ বাড়ছিল।
বাইডেন জোর দিয়ে বলেন, আকাশে উড়ন্ত বস্তুর সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছে এমন কোনো প্রমাণ নেই। যদিও সাম্প্রতিক তিনটি বস্তু কোনো ঝুঁকি সৃষ্টি করেছে বলে মনে হচ্ছে না। তবে বাইডেন মার্কিনিদের আশ্বাস দিয়ে বলেন, যদি ভবিষ্যতে আবারও কোনো বস্তু যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে আমি তা ধ্বংস করে দেব। এছাড়া ভবিষ্যতে এ ধরণের উচ্চতার বস্তুগুলোকে মোকাবিলা করতে নতুন কি ব্যবস্থা নেয়া যায় তা খতিয়ে দেখতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে দায়িত্ব দিয়েছেন বাইডেন।



