
বিচ্ছিন্ন শিশুদের দেখতে গেলেন মেলানিয়া
রূপসী বাংলা ডেস্ক:ফের মার্কিন-মেক্সিকো সীমান্তে পরিবার ‘বিচ্ছিন্ন শিশুদের’ আশ্রয়কেন্দ্রে তাদের দেখতে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া। গতকাল ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার, মার্কিন-মেক্সিকো সীমান্তের টাকসনে গিয়ে ওই পরিবার ‘বিচ্ছিন্ন শিশুদের’ সঙ্গে সময় কাটান তিনি। কথা বলেন কাস্টমস ও বর্ডার পেট্রল, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট ও মার্কিন মার্শাল সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে।
যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে পারিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই শিশুগুলো। অ্যারিজোনায় স্বাস্থ্য ও মানবিক সেবা অধিদপ্তর অভিবাসী শিশুগুলোর জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে। সেভানেই গতকাল পরিদর্শনে যান মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
অবৈধ অভিবাসন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে গত মাসের শুরু থেকে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। বিশেষ করে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের আটক করে তাদের বিচার শুরু করা হয়েছে।
অবৈধ অভিবাসনের দায়ে আটক ব্যক্তিদের বিচারের সময় অভিভাবকদের বন্দি করে রাখার কারণে তাদের সন্তানরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পিতা-মাতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই শিশুদের (কয়েক মাস বয়স থেকে ১৭ বছর পর্যন্ত) বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

বরাবরই পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার বিপক্ষে কথা বলেছেন মেলানিয়া। তার মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, “তিনি মনে করেন, (অভিবাসী) শিশুদের তাদের পিতা-মাতার সঙ্গে একত্রে থাকা উচিত। এ বিষয়ে তিনি তার স্বামীকে সব সময়ই কথা বলে চলেছেন।”
অ্যারিজোনার রাজধানী ফিনেক্সের ওই আশ্রয়কেন্দ্রে ১২১টি শিশুকে রাখা হয়েছে, যাদের বয়স কয়েকমাস থেকে ১৭ বছর। সেখানে কিশোরী মায়েদেরও দেখা যায়।
মেলানিয়ার অভিবাসী শিশুদের আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যাওয়া এবারই প্রথম নয়। এর আগে তিনি টেক্সাসে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন গিয়েছিলেন।
মে মাস থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যা নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে। মেলানিয়া ও সাবেক ফার্স্টলেডি লরা বুশ শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা উচিত না বলে মন্তব্য করেছেন।

নিজ দলের ভেতরেও কড়া সমালোচনার শিকার হওয়ার পর শিশুদের পরিবারের সঙ্গে একত্রীকরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এরই মধ্যে গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো ফেডারেল আদালত যুক্তরাষ্ট্র সরকারকে ৩০ দিনের মধ্যে শিশুদের তাদের পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এছাড়া ১৭টি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিকে চ্যালেঞ্জ করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় মামলার শুনানি শুরু হয়েছে।
এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটনে কয়েকশ’ বিক্ষোভকারী সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে ট্রাম্পের এ নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ প্রায় ছয়শ’ বিক্ষোভকারীকে আটক করে।
উল্লেখ্য, গত সপ্তাহে শরণার্থী শিশুদের দেখতে গিয়ে ফাঁপড়ে পড়েছিলেন মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প নীতির বিরোধিতা করে ‘প্রশংসা’ পাওয়ার পরও ‘জলপাই রঙের’ যে জ্যাকেটটি তিনি পরেছিলেন সেটাই তাঁর জন্য কাল হয়। কারণ, শরণার্থী শিশুদের দেখতে মেলানিয়া যে জ্যাকেট পরেছিলেন, সেখানে লেখা ছিল “আমি পরোয়া করি না। আপনারাও কি একমত?”
তাই গতকাল মেলানিয়াকে কোনও বিতর্কিত জ্যাকেট পরতে দেখা যায়নি। কালো টপ এবং সাদা ট্রাউজার পরে সে দিনের বিতর্ককে মেলানিয়া চাপা দেওয়ার চেষ্টা করেছন। এমনটাই মত সংশ্লিষ্ট মহলের। সূত্র: রয়টার্স



