
হাফিজুর রহমান
কান্না এলেও কাঁদা যাবে না পুরুষ হলে!
চাপিয়ে রাখতে হবে আড়ালে জোর করে,
ডানার ভিতরে লুকিয়ে রাখা ছানাদের
কোনো এক মা পাখির মতন;
এমনটি না হলে, ভীষণ ক্ষতি হবে পুরুষত্বের!
জমাটবদ্ধ নীল পাহাড়ের ঘামে বেগবান স্রোত
মেঘের কান্নার জলে ডুকরে উঠলেও
ভেদ করতে পারে না বৃষ্টির শব্দ, কষ্ট গলাতে।
হে পুরুষ!
তুমিও কাঁদো, হাউমাউ করে— নারীর মতন!
চিৎকার করো, ঝরতে দাও ঝরঝরে কান্নার জল;
নির্বাসনে পাঠিয়ে দাও লজ্জা, গলতে দাও কষ্ট!
এ না হলে, হাসতে পারবে না প্রাণ খুলে।



