
মানুষের ভুলে গ্রিসে ট্রেন দুর্ঘটনা, পরিবহনমন্ত্রীর পদত্যাগ
মানুষের ভুলের কারণে গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী কায়রাকোস মিতসোতাকিস মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ট্রেন দুর্ঘটনার জন্য মানুষের ভুলই দায়ী। অন্যদিকে দুর্ঘটনার পর দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস ঘটনাস্থল পরিদর্শন শেষে নিজের পদ থেকে পদত্যাগ করেন।
গ্রিসের সবচেয়ে বড় এ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিল। এ দুর্ঘটনা দেশটির পরিবহনমন্ত্রীর পদত্যাগে চাপ তৈরি করে। পরে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। খবর আলজাজিরার।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় লরিসা শহরের বাইরে এথেন্স থেকে ছেড়ে আসা থেসালোনিকিগামী যাত্রীবাহী ট্রেনটির একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি উত্তরাঞ্চলীয় শহর থেকে এসেছিল। সংঘর্ষের পর যাত্রীদের কয়েকটি বগিতে আগুন ধরে যায়।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী কায়রাকোস মিতসোতাকিস বলেন, সবকিছু দেখিয়ে দিয়েছে এ নাটক, মর্মান্তিক এই দুর্ঘটনা দুঃখজনকভাবে মানুষের ভুলের কারণে ঘটেছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর তিনি মনে করছেন পদত্যাগ করা তার কতর্ব্য।
কোস্টাস কারামানলিস বলেন, এই বেদনা অবর্ণনীয়। যখন খুব বেদনাদায়ক কিছু ঘটে, তখন কিছু ঘটেনি বলে চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের দেশের নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থার ওপর যে আস্থা রাখেন তা আমাদের গণতন্ত্রের একটি উপাদান বলে মনে করি। এটাকে রাজনৈতিক দায়িত্ব বলে।



