
শাহানাজ শিউলী
ওই যে দেখো ফাগুন এলো
লাল হয়েছে পলাশ বন,
এলোকেশী উড়ছে হাওয়ায়
পাগল করে উদাস মন।
কচি কচি সবুজ পাতায়
চুয়ে চুয়ে পড়ে তেল,
আম কাঁঠালের ফলের বাহার
আরো সুবাস পাকা বেল।
অগ্নিঝরা কৃষ্ণচূড়া
ঘোমটা টানে বেনারসি,
ফাগুন মাসে ঝরা পাতা
আম্রমুকুল রাশি রাশি।
শিমুল ফোটে পলাশ ফোটে
মন ভুলে যায় কোকিল গানে,
পূবাল হাওয়া থমকে দাঁড়ায়
শিউলি ঝরে অভিমানে।
ফুল-ফসলের রূপ-বাহারী
নতূন পাতা গাছের ডালে,
ঝরা পাতা ঝড়ো হাওয়ায়
নৃত্য করে তালে তালে।
রাষ্ট্রভাষা বাংলা নিয়ে
ফাগুন এলো আমার দ্বারে
রক্তঝরা ফাগুনকে তাই
সালাম জানাই বারে বারে।



