আন্তর্জাতিক

গুহায় আটকা পড়া ফুটবলারদের উদ্ধারে লাগবে কয়েক মাস

রূপসী বাংলা ডেস্ক:থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। চিয়াং রাই প্রদেশের পাহাড়ি গুহাটির ভেতর এমনভাবে পানি ঢুকে পড়েছে যে, তাদের সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পথটি পুরোপুরি ডুবে গেছে। আর ১৩ জনের ফুটবল দলটি ওই গুহার মধ্যে একটি শুকনো কার্নিশের মতো জায়গায় বসে আছে।

নয় দিন নিখোঁজ থাকার পর দলটিকে সোমবার খুঁজে পায় ব্রিটিশ উদ্ধারকারী ডুবুরিদের একটি দল। আটকা পড়া কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে আর তাদের কোচের বয়স ২৫।

উদ্ধারকর্মীরা ও সেনাবাহিনী বলছে, দলটি যেখানে আটকা পড়ে আছে সেটি গুহার মুখ থেকে ৪ কিলোমিটার ভেতরে। গুহার বাইরে আসতে হলে তাদের ডুবুরির মতো পানির নিচ দিয়ে সাঁতরে আসতে হবে, অথবা কয়েক মাস (পানি না নামা পর্যন্ত) গুহার মধ্যেই অপেক্ষা করতে হবে।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের হয়তো আগামী চার মাস ধরে বাইরে থেকে খাবার পাঠাতে হবে। উদ্ধারকারীরা এখন জোর চেষ্টা চালাচ্ছেন, কিভাবে ক্রমাগত বাড়তে থাকা পানি অতিক্রম করে দলটির কাছে খাবার ও অন্যান্য সাহায্য পৌঁছে দেওয়া যায়।

চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক ওসোত্থানাকন বলেছেন, গুহার ভেতরে বিদ্যুৎ ও টেলিফোন লাইন বসানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারে।

৯ দিন আগে ১২ কিশোর ফুটবলার এবং তাদের কোচ থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয়। এ ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজে যোগ দিতে আসা দু’জন ব্রিটিশ ডুবুরি সোমবার রাতে তাদের খুঁজে পান। থাই নৌবাহিনীর বিশেষ দল আটকে পড়া দলটির সঙ্গে উদ্ধারকারীদের প্রথম যোগাযোগের মুহূর্তর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে।

টর্চের আলোয় করা ভিডিওতে দেখা যায়, ওই কিশোররা গুহার মধ্যে একটি কার্নিসের মতো জায়গায় বসে আছে। তারা ডুবুরিদের জানায়, ১৩ জনের সবাই সেখানে আছে এবং তারা খুবই ক্ষুধার্ত। তারা জানতে চায়, কখন তারা সেখান থেকে বের হতে পারবে। ডুবুরিরা তাদের জানান, তাদের অপেক্ষা করতে হবে, আরো লোক সেখানে তাদের উদ্ধারে আসবে। তখন একজন কিশোর বলে, ‘ঠিক আছে, কাল দেখা হবে।’

এর আগে গুহার প্রবেশ পথে তাদের সাইকেল পাওয়া গিয়েছিলো। এরপর উদ্ধারকারী দল প্রথম খুঁজে পায় তাদের পায়ের জুতা ও ব্যাগ।

২৪ জুন প্রবল বৃষ্টির পানিতে গুহার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রবল বৃষ্টিপাতে উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে তখন পানি সরানোর পাম্প বসানো হয় ও উদ্ধারকাজে রোবট ব্যবহার করা হয়। এরপর তারা পায়ের ছাপ আবিষ্কার করে। তবে ওই সময় পর্যন্ত তারা দলটির কোনো চিহ্ন পায়নি। বৃষ্টি অব্যাহত থাকায় পরে তারা গুহায় ঢোকার অন্য রাস্তা খুঁজতে থাকে।

উদ্ধারকারীদের রীতিমতো সময়ের সঙ্গে যুদ্ধ করতে হয়, যাতে করে ভিতরে পানির উচ্চতা বেড়ে না যায়। কিন্তু গুহায় ঢোকার প্রধান প্রবেশ পথটি বৃষ্টির কারণে একেবারে প্রবেশের অযোগ্য হয়ে পড়ে। এরপর খোঁজা শুরু হয় একটা চিমনির। গুহার উত্তর দিকে একটা প্রাকৃতিক চিমনি আবিষ্কার করে তারা।

২৯ জুন গুহার ভিতরে বন্যার পানি কমতে শুরু করে। উদ্ধার-কর্মীদের এটাই সুযোগ করে দেয় ভিতরে ঢোকার। আশা বাড়তে থাকে। সোমবার রাতে খবর আসে, তাদের সবাইকে জীবিত ও নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। এই খবরে, অপেক্ষায় থাকা পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে। এখন চলছে তাদের উদ্ধারের চেষ্টা। আর সেজন্য অধীর হয়ে অপেক্ষায় আছেন স্বজনেরা। সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension