ভারত

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ২৫

ভারতের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। শনিবার গভীররাতে দেশটির মহারাষ্ট্র রাজ্যে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে পুনের পথে সামৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় তাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ জানিয়েছে, বাসটি এক্সপ্রেসওয়ের একটি খাম্বায় ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। বাসটির বেঁচে যাওয়া চালক জানিয়েছেন, একটা চাকা ফেটে যাওয়ার পর বাসটি ছুটে গিয়ে খাম্বায় ধাক্কা খায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় বুলধানা জেলার পুলিশ সুপার সুনিল কদসানি জানিয়েছেন, এ ঘটনায় আগুন পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটির চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই মুহূর্তে নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension