
শাহানাজ শিউলী
জীবনটা যেন ধূসর পাণ্ডুলিপি
বেজে গেছে ছুটির ঘন্টা,
নেমে এসেছে হৃদয় মথিত এক অকাল মৃত্যুর অভিশাপ
স্বপ্ন- সাধ সমাজের নিষ্করুণ নির্যাতনে অকালে বিলীন হয়ে গেছে,
জীবন এত সহজলভ্য কেন?
খুব সহজেই বিকিকিনি হয়
নির্মম নিষ্ঠুর কষাঘাতের তমাসাছন্ন জীবন।
হৃদয়হীন সমাজের নির্লজ্জ আধিপত্য বিস্তারে
সৃষ্টি হয় জীবনের অশ্রুত করুন কাহিনী,
এক কঠিন দীর্ঘশ্বাস আর অশ্রুপাত,
নির্দয় পীড়নই যেন চিরশান্তি।
সুখ পাখি উড়ে গেছে আপন ঠিকানায়,
শুভ্র নিষ্কলঙ্ক জীবন দৃষ্টির অগোচরে ঝরে যায়
বিষক্রিয়ায়,
বেজে যায় ছুটির ঘন্টা।



