
মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড় উড়ে আকাশ জুড়ে
আষাঢ় মাসের বৃষ্টি পড়ে মেঘলা আকাশ ফুঁড়ে।
জ্যৈষ্ঠ্য মাসের রোদের তাপে গায়ে ধরেছে জ্বালা
কালো মেঘে খুলে দিলো বৃষ্টি বাঁধার তালা।
ঝুমঝুম বৃষ্টি ঝড়ে সকাল সন্ধ্যা রাত
বেহাল দশা মেঠো পথের পিছলে কেউবা কাত!
অঝোর ধারায় বৃষ্টি পড়ে ব্যাঙরা বেজায় খুশি
বৃষ্টি দেখে সোনামণির থামছে না আর হাসি ।
হাসির বাক্স হাসির বাক্স উঠোন তলায় হাঁস
কদম নেচে বলছে আষাঢ় থাকুক বারো মাস!
ঋতুর খেলা ঋতুর মেলা বছর ঘুরেই চলে
কবির কলম তাইতো ছড়ার নাগরদোলায় দোলে।



